টেক্সটাইল কারখানা স্থাপনে ভূমি ইজারা চুক্তি

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে (বিইজেডএ) ৩ কোটি ডলার বিনিয়োগ করবে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড।

এর মাধ্যমে একটি আধুনিক টেক্সটাইল কারখানা স্থাপন করা হবে, যা দেশের বস্ত্র খাতে বিদেশী বিনিয়োগ বৃদ্ধি, স্থানীয় শিল্পের সক্ষমতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বেপজার সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ বিনিয়োগের লক্ষ্যে ১৬ জুলাই ঢাকায় বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং হুয়ারান টেক্সের মধ্যে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তি অনুযায়ী, বেপজা অর্থনৈতিক অঞ্চলের ৩৬ হাজার বর্গমিটার জমিতে কারখানাটি স্থাপন করা হবে। পূর্ণ উৎপাদনে গেলে এখানে বছরে ২৪ হাজার টন সুতা এবং দুই কোটি মিটার গ্রে ওভেন ফ্যাব্রিক উৎপাদন সম্ভব হবে। একই সঙ্গে এ শিল্প উদ্যোগে সরাসরি প্রায় ৫৮০ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং হুয়ারান টেক্সের ব্যবস্থাপনা পরিচালক বিন ওয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশ ও বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেয়ায় হুয়ারান টেক্সকে ধন্যবাদ জানান। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ, আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং প্রকল্প বাস্তবায়নে বেপজার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং হুয়ারান টেক্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও