যুক্তরাষ্ট্র থেকে ২০১৮ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে এক জাহাজ ভুট্টার চালান। চট্টগ্রাম বন্দরের কনফিডেন্স সিমেন্ট ঘাটে গতকাল বেলা সাড়ে ১১টায় ৫৭ হাজার ৮৫৫ টনের চালানটির খালাস শুরু হয়। এ উপলক্ষে ওই ঘাটে ‘দ্য রিটার্ন অব ইউএস কর্ন টু বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র থেকে এসব ভুট্টা রফতানি করেছে দেশটির অন্যতম প্রধান শস্য রফতানিকারক কোম্পানি ইউনাইটেড গ্রেইন করপোরেশন (ইউজিসি)। অন্যদিকে বাংলাদেশের পশুখাদ্য উৎপাদনকারী তিন কোম্পানি নাহার এগ্রো গ্রুপ (১০ হাজার টন), প্যারাগন গ্রুপ (১৯ হাজার টন) এবং নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড (২৯ হাজার টন) এ ভুট্টা আমদানি করেছে।
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫-২৬ শস্য বছরে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটায় উৎপাদিত এ হলুদ ভুট্টা ওয়াশিংটন রাজ্যের ভ্যাঙ্কুভার থেকে জাহাজে করে পাঠানো হয়েছে, যা পশুখাদ্য তৈরিতে ব্যবহৃত হবে। পোলট্রি ও গবাদিপশুর খাদ্যে এ ভুট্টার ব্যাপক ব্যবহার রয়েছে।