এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) নিয়ে নানা অনিয়মের কথা পত্রিকায় এসেছে। কাজেই এ প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ঢাকার তেজগাঁওয়ে সরকারি মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইডিসিএলের কর্মকর্তাদের সঙ্গে গতকাল এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য উপদেষ্টা সিস্টেম লসের কথা উল্লেখ করে বলেন, ‘এ লস যত কমবে বা শূন্য হবে আপনাদের কাজের ইফিসিয়েন্সি ততই বাড়বে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে।’
সভায় আরো বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। এছাড়া ইডিসিএলের কর্মপরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সামাদ মৃধা। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানসহ ইডিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তা।