সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি কমেছে শুকনো হলুদ। গত অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পণ্যটির আমদানি কমেছে অন্তত ৫০ শতাংশ। ব্যবসায়ী ও আমদানিকারকরা জানান, বাজারে দেশী হলুদের সরবরাহ বাড়ায় ভারতীয় শুকনো হলুদ আমদানি কমে গেছে।
ভোমরা কাস্টম হাউজের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনো হলুদ আমদানি হয়েছে ১ হাজার ৫০৪ টন, যার মূল্য ২৬ কোটি ৪১ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ৩ হাজার ৪৫ টন, মূল্য ছিল ৪৯ কোটি ৯৭ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম দুই মাসে মসলাপণ্যটির আমদানি কমেছে ১ হাজার ৫৪১ টন।
এদিকে আমদানি কমায় বাজারে গুঁড়া হলুদের দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের মসলা বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স ফতেমা স্টোরে গতকাল খুচরা পর্যায়ে গুঁড়া হলুদ বিক্রি হয়েছে প্রতি কেজি ৩৫০ টাকায়, যা এক মাস আগে ছিল ৩২০ টাকা। দাম বাড়ার কারণ হিসেবে প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ার হোসেন জানান, ভারতীয় শুকনো হলুদের আমদানি কমে যাওয়ায় পাইকারি পর্যায়ে দাম কিছুটা বেড়েছে।