হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০-১৫ টাকা

দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০-১৫ টাকা। সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ দাম বেড়ে গেছে।

বিক্রেতাদের দাবি, বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে কৃষকরা বাজারে পেঁয়াজ ছাড়ছেন না। ফলে মোকামেই দাম বেড়েছে।

গতকাল হিলি বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, প্রতিটি দোকানেই পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে। তবুও সরবরাহ কমের অজুহাতে বেশি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি হলেও এখন তা ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, ‘বেশ কিছুদিন ধরে বাজারে দেশী পেঁয়াজের যথেষ্ট সরবরাহ থাকায় দাম স্থিতিশীল ছিল। কিন্তু বর্তমানে দেশী পেঁয়াজের মৌসুম প্রায় শেষের দিকে। এতে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম। সেই সঙ্গে গত কয়েক দিন ধরে তীব্র গরম ও বৃষ্টি চলছে। এ কারণে কৃষকরা পেঁয়াজ ধরে রাখায় বাজারে সরবরাহ কম। কিছুদিন আগে মোকামে যে পেঁয়াজ ১ হাজার টাকা মণ ছিল, তা এখন ১ হাজার ৫০০ টাকায় কিনতে হচ্ছে। মণপ্রতি ৫০০ টাকা বাড়ায় খুচরা বাজারেও দাম বেড়েছে।’ আবহাওয়া ভালো হলে এবং সরবরাহ বাড়লে দাম আবার কমতে পারে বলে আশা করছেন তিনি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বণিক বার্তাকে বলেন, ‘কেউ যাতে কোনো পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করতে না পারে, সেজন্য আমরা কাজ করছি। দাম নিয়ন্ত্রণে বিভিন্ন বাজার ও দোকানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিক্রেতাদের ক্রয়-বিক্রয়ের রসিদ যাচাই করা হচ্ছে। কারো বিরুদ্ধে বেশি দাম নেয়ার প্রমাণ পেলে জরিমানা করা হচ্ছে।’ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

আরও