চীনে অপরিশোধিত ইস্পাত উৎপাদন ১০ মাসের সর্বোচ্চে

চীনে মার্চে অপরিশোধিত ইস্পাত উৎপাদন বেড়ে গত ১০ মাসের সর্বোচ্চে পৌঁছেছে।

চীনে মার্চে অপরিশোধিত ইস্পাত উৎপাদন বেড়ে গত ১০ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। সম্প্রতি ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের (এনবিএস) প্রকাশিত ডাটায় এমন তথ্য উঠে এসেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, মুনাফার হার বৃদ্ধি ও রফতানির গতি অব্যাহত থাকা এ সময় উৎপাদন বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। খবর হেলেনিক শিপিং নিউজ।

এনবিএসের দেয়া তথ্যানুযায়ী, গত মাসে চীনের অপরিশোধিত ইস্পাত উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এ সময় মোট উৎপাদনের পরিমাণ ছিল ৯ কোটি ২৮ লাখ ৪০ হাজার টন। মাসভিত্তিক হিসাবে এ পরিমাণ ২০২৪ সালের মে মাসের পর সর্বোচ্চ।

এর আগে বিশ্লেষকরা মার্চে একই উৎপাদনের পূর্বাভাস দিয়েছিলেন। রয়টার্সের হিসাবে, মার্চে দৈনিক গড় উৎপাদন দাঁড়ায় প্রায় ২৯ লাখ ৯০ হাজার টন, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এ পরিমাণ ছিল ২৮ লাখ ২০ হাজার টন।

তবে বিশ্লেষকদের মতে, এপ্রিলে উৎপাদন স্থিতিশীল অথবা কমে যেতে পারে। এতে ভূমিকা রাখবে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাড়তে থাকা বাণিজ্য উত্তেজনার কারণে রফতানি ও অভ্যন্তরীণ চাহিদা নিয়ে অনিশ্চয়তা।

ফ্রেইট ইনভেস্টর সার্ভিসেসের সাংহাইভিত্তিক সিনিয়র অ্যানালিস্ট পেই হাও বলেন, ‘ইস্পাত উৎপাদনকারী কোম্পানিগুলো চলমান উৎপাদনের ধারা বজায় রাখবে বলে মনে করা হচ্ছে। তবে চলতি মাসে ধাতবপণ্যটি উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধির সম্ভাবনা সীমিত।’

তিনি আরো বলেন, ‘ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার কারণে এপ্রিলে ইস্পাত রফতানি কমে যেতে পারে। পাশাপাশি অবকাঠামো খাতে চাহিদা নিয়েও আমরা কিছুটা উদ্বিগ্ন।’

দুই বছর ধরে অতিরিক্ত সরবরাহ ও নিম্নমুখী চাহিদার কারণে চীনের ইস্পাত উৎপাদনকারী কোম্পানিগুলো মুনাফা অর্জনে হিমশিম খাচ্ছিল। তবে মার্চে মুনাফা বাড়ায় উৎপাদনও ঊর্ধ্বমুখী হয়েছে।

কনসালট্যান্সি প্রতিষ্ঠান মাইস্টিলের দেয়া তথ্যে দেখা গেছে, মার্চে চীনের প্রায় ৫৩ শতাংশ ইস্পাত উৎপাদনকারী কোম্পানি উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে। গত বছরের একই সময় এ পরিমাণ ছিল মাত্র ২৫ শতাংশ।

আরও