আমদানি বাড়লেও সাতক্ষীরায় ঊর্ধ্বমুখী আদার দাম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) আদা আমদানি বেড়েছে আগের বছরের তুলনায় ৪২ হাজার ১ টন।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) আদা আমদানি বেড়েছে আগের বছরের তুলনায় ৪২ হাজার ১ টন। তবে আমদানি বাড়ালেও এ অঞ্চলে ঊর্ধ্বমুখী পণ্যটির দাম। দুই সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি বাজারদর বেড়েছে অন্তত ২৫-৩০ টাকা। সাতক্ষীরা জেলার সুলতানপুর বড়বাজারের কয়েকটি মসলা আড়ত ও বিপণি প্রতিষ্ঠান ঘুরে গতকাল এ চিত্র দেখা গেছে।

ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, দেশের বাজারে চাহিদার পাশাপাশি ভারতে দাম কম হওয়ায় আদা আমদানি বাড়ানো হয়েছে। সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড়বাজারের মসলাপণ্য বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে খুচরায় প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ১০০ টাকায়, দুই সপ্তাহ আগেও যা ছিল ৭০-৭৫ টাকা। দাম বাড়ার বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আব্দুল হাকিম বণিক বার্তাকে বলেন, ‘‌বন্দর দিয়ে আমদানি বাড়লেও পাইকারিতে দাম কমেনি। রমজানের মাঝামাঝি সময়েও পাইকারিতে প্রতি কেজি আদার দাম ছিল ৬৫ টাকা। বর্তমানে তা ৯০ টাকায় কিনতে হচ্ছে। পাইকারি দরের সঙ্গে সমন্বয় রেখে খুচরাতেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

এদিকে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) এ বন্দর দিয়ে আদা আমদানি হয়েছে ৭৫ হাজার ৬৮৬ টন, যার মূল্য ছিল ৯০০ কোটি ১২ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে এ বন্দর দিয়ে ৩৬৮ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের ৩৩ হাজার ৬৮৫ টন আদা আমদানি হয়েছিল।

ভোমরা শুল্ক স্টেশনের কাস্টমসের দায়িত্বে থাকা ডেপুটি কমিশনার মো. আবুল কালাম বণিক বার্তাকে জানান, ব্যবসায়ীদের চাহিদা বা ঘোষণার ওপর নির্ভর করে আমদানির পরিমাণ। বাজারে চাহিদা বেশি থাকায় আমদানি বেড়েছে।

সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে বলেন, ‘ঈদের পর বন্দরে নতুন এলসির আদা এখনো আসেনি। বাজারে যে আদা আছে তা রমজান মাসে আমদানীকৃত। তাই সামনের দিনগুলোয় দাম কমার সম্ভাবনা বেশি।’

আরও