বুয়েটে দুই দিনব্যাপী রিনিউয়েবল এনার্জি ফেস্ট শুরু আজ

অনুষ্ঠানে অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বিকল্প জ্বালানির দিকে যেতে হবে।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আজ থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী দ্বিতীয় ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’। ‘ন্যায্য, সবুজ ও অন্তর্ভুক্তিমূলক জ্বালানি রূপান্তরের পথে’ প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করছে অ্যাকশনএইড বাংলাদেশ, বুয়েট ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি)। সহযোগী হিসেবে রয়েছে বুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইইএসডি)। গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বিকল্প জ্বালানির দিকে যেতে হবে। নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তরকে দেশের নীতিনির্ধারণ, পরিকল্পনা ও বাজেটে গুরুত্ব দিতে হবে।’

উৎসবে নীতিনির্ধারক, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, তরুণ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। এতে নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি প্রদর্শন, বিনিয়োগ ও অর্থায়ন নিয়ে আলোচনা এবং স্থানীয় উদ্ভাবকদের সঙ্গে বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের সংযোগ তৈরির উদ্যোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের প্রথম দিনে শিল্পে কার্বন নিঃসরণ কমানো ও শ্রমিক অধিকার নিয়ে আলোচনা এবং অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সঙ্গে সংলাপ হবে। দ্বিতীয় দিনে জ্বালানি নীতি, সুশাসন, বিনিয়োগ, প্রযুক্তি, অবকাঠামো ও সামাজিক-পরিবেশগত সুরক্ষা নিয়ে আলোচনা হবে।

আরও