ক্রয়-সংক্রান্ত কমিটির বৈঠকে সিদ্ধান্ত

এক কার্গো এলএনজি ও ৭৫ হাজার টন সার কিনবে সরকার

সিঙ্গাপুরের প্রতিষ্ঠানের কাছ থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং রাশিয়া ও কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনবে সরকার।

সিঙ্গাপুরের প্রতিষ্ঠানের কাছ থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং রাশিয়া ও কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনবে সরকার। এতে ব্যয় হবে ৮৩১ কোটি ১০ লাখ ৭০ হাজার ৬৭৩ টাকা। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় আরো বেশকিছু ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (২৫-২৬ নভেম্বর ২০২৫ সময়ে ৪৭তম) এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। সিঙ্গাপুরের আরামকো ট্রেডিংয়ের কাছ থেকে এ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৪৯৯ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ৬৭৩ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য ধরা হয়েছে ১১ দশমিক ৮৮ ডলার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেক প্রস্তাবের ভিত্তিতে সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের (এসপিএম) অপারেশনস অ্যান্ড মেইনটেইন্যান্স কনট্রাক্টর নিয়োগ-সংক্রান্ত দরপত্র বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ কমিটি।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাশিয়ার জেএসসি ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার টাকা। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৩৬১ ডলার।

কৃষি মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৭৭ কোটি ৩ লাখ ৪৪ হাজার টাকা। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৩৬১ ডলার।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় ২০২৫-২৬ অর্থবছের জিটুজি চুক্তির আওতায় ইউরিয়া সার আমদানির জন্য সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের সঙ্গে বিসিআইসির চুক্তি স্বাক্ষরের বিষয়ে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

আরও