দেড় শতাংশ পয়েন্ট হারিয়েছে ডিএস-৩০ সূচক

দেশের পুঁজিবাজারে গতকাল অধিকাংশ বড় মূলধনি কোম্পানির শেয়ারে দরপতন হয়েছে। এর প্রভাবে সূচকে নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে।

দেশের পুঁজিবাজারে গতকাল অধিকাংশ বড় মূলধনি কোম্পানির শেয়ারে দরপতন হয়েছে। এর প্রভাবে সূচকে নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ প্রায় ১ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট হারিয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতে কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও শেষ দিকে পয়েন্ট হারায় সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক দিনের ব্যবধানে ৩১ দশমিক ১ পয়েন্ট কমে ২ হাজার ৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন শরিয়াহ সূচক ডিএসইএস ৮ দশমিক ১ পয়েন্ট কমে ১ হাজার ১৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম লিমিটেড ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের শেয়ার।

ডিএসইতে গতকাল ৭৬০ কোটি ৬৫ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ৭০৬ কোটি ৪১ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৭ দশমিক ৭০ শতাংশ। এদিন লেনদেন হওয়া ৪০১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১০৯টির, কমেছে ২৪৭টির আর অপরিবর্তিত ছিল ৪৫টির বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত।

দ্বিতীয় সর্বোচ্চ ১৩ দশমিক ৬ শতাংশ দখলে নিয়েছে ব্যাংক খাত।

১৩ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় স্থানে রয়েছে বস্ত্র খাত। প্রকৌশল খাত ৮ দশমিক ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ স্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৮ শতাংশ।

গতকাল ডিএসইতে চারটি খাত বাদে সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২ দশমিক ১ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে সাধারণে বীমা ও আর্থিক প্রতিষ্ঠান খাতে। এছাড়া সিমেন্ট খাতে ১ দশমিক ৬ এবং ভ্রমণ ও অবকাশ খাতে ১ দশমিক ৫ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে পাট খাতে ৪ দশমিক ৪ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। এছাড়া কাগজ ও মুদ্রণ খাতে ১ দশমিক ৯, চামড়া খাতে ১ দশমিক ৭ ও বস্ত্র খাতে ১ দশমিক ৩ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল।

দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৯৬ দশমিক ৪ পয়েন্ট কমে ৯ হাজার ২২১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ১৫৬ দশমিক ৮ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৩৯টির আর অপরিবর্তিত ছিল ২৫টির বাজারদর। গতকাল সিএসইতে ২৫ কোটি ৯২ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৫ কোটি ১৬ লাখ টাকা।

আরও