দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সূচকে বড় পতন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক কমেছে ১ দশমিক ৫৪ শতাংশ। সূচক কমলেও এক্সচেঞ্জটির লেনদেন সামান্য বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকে নিম্নমুখী ছিল সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৮১ দশমিক ২৫ পয়েন্ট কমে ৫ হাজার ২০২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ২৮৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৩৪ দশমিক ৬০ পয়েন্ট কমে ১ হাজার ৯৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৩৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১৯ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১ হাজার ১১৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৩৪ পয়েন্ট।
গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার।
ডিএসইতে গতকাল ৫৪২ কোটি ৫৫ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫৩০ কোটি ১৮ লাখ টাকা। সে হিসেবে একদিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন বেড়েছে ২ দশমিক ৩৩ শতাংশ। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৩১১টির আর দর অপরিবর্তিত ছিল ৩৮টির।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১২ দশমিক ১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১০ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত।
সাধারণ বীমা খাত ৯ দশমিক ৮ শতাংশ লেনদেন নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৯ দশমিক ১ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল জীবন বীমা খাত। আর পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ৮ দশমিক ৪ শতাংশ।
গতকাল ডিএসইতে একটি খাত বাদে সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩ দশমিক ৯ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে পাট খাতে। এছাড়া ভ্রমণ ও অবকাশ খাতে ৩ দশমিক ৬, তথ্যপ্রযুক্তি এবং কাগজ ও মুদ্রণ খাতে ২ দশমিক ৯ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে গতকাল ডিএসইতে জীবন বীমা খাতে দশমিক ৫ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল।