প্রথমবারের মতো টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

নতুন ম্যাকবুক প্রোর মডেলগুলোতে রয়েছে অর্গানিক লাইট-এমিটিং ডায়োড (ওএলইডি) ডিসপ্লে। অ্যাপলের দাবি, এতে ছবির উজ্জ্বলতা, স্পষ্টতা ও রঙের বৈপরীত্য আরো ভালোভাবে ফুটে উঠবে। ল্যাপটপের পেছনে আবারও ফিরেছে আলোকিত অ্যাপল লোগো।

প্রথমবারের মতো টাচস্ক্রিনযুক্ত ম্যাকবুক বাজারে এনেছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল। নতুন ম্যাকবুক প্রো মডেলগুলোতে ব্যবহার করা হয়েছে ওএলইডি ডিসপ্লে। ১৪ ইঞ্চির মডেলটির দাম শুরু হয়েছে ২ হাজার ৮৯৯ ডলার থেকে। নতুন প্রজন্মের ক্রেতাদের আকৃষ্ট করা এবং প্রিমিয়াম কম্পিউটারের বাজারে অবস্থান শক্তিশালী করতেই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গত বুধবার এক অনুষ্ঠানে নতুন ম্যাকবুক উন্মোচন করেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাস। এত দিন ল্যাপটপে টাচস্ক্রিন যুক্ত করার বিষয়ে আপত্তি ছিল কোম্পানিটির।

নতুন ম্যাকবুক প্রোর মডেলগুলোতে রয়েছে অর্গানিক লাইট-এমিটিং ডায়োড (ওএলইডি) ডিসপ্লে। অ্যাপলের দাবি, এতে ছবির উজ্জ্বলতা, স্পষ্টতা ও রঙের বৈপরীত্য আরো ভালোভাবে ফুটে উঠবে। ল্যাপটপের পেছনে আবারও ফিরেছে আলোকিত অ্যাপল লোগো।

এর মধ্যে ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রোতে রয়েছে এম৫ প্রো চিপ। এর দাম ২ হাজার ৮৯৯ ডলার। অন্যদিকে ১৬ ইঞ্চির মডেলটিতে রয়েছে আরো শক্তিশালী এম৫ ম্যাক্স চিপ। এর দাম শুরু ৪ হাজার ৭৯৯ ডলার থেকে। গত বুধবার থেকেই পণ্যগুলোর প্রি-অর্ডার নেয়া শুরু হয়েছে। বিক্রি শুরু হবে ৬ নভেম্বর থেকে।

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস ২০১০ সালে ল্যাপটপে টাচস্ক্রিন ব্যবহারের বিরোধিতা করেছিলেন। তার মতে, ল্যাপটপে এ প্রযুক্তি ব্যবহার করলে কাজ করতে অসুবিধা হয়। ২০১২ সালে তৎকালীন সিইও টিম কুকও ল্যাপটপ ও টাচস্ক্রিনের সমন্বয়ের বিষয়ে আপত্তি জানান। তার যুক্তি ছিল, টোস্টার ও ফ্রিজ একসঙ্গে জুড়ে দেয়ার মতোই বিষয়টি অস্বাভাবিক। তবে সময়ের সঙ্গে বাজারের চাহিদা বদলেছে। লেনোভো, এইচপি ও ডেলের মতো প্রতিষ্ঠানগুলো এক দশকের বেশি সময় ধরে টাচস্ক্রিন ল্যাপটপ বিক্রি করছে। স্মার্টফোন ও ট্যাবলেটে অভ্যস্ত নতুন প্রজন্মের ক্রেতারাও এখন ল্যাপটপে একই সুবিধা চান।

মুর ইনসাইটস অ্যান্ড স্ট্র্যাটেজির বিশ্লেষক আনশেল স্যাগ বলেন, ‘টাচস্ক্রিন প্রযুক্তির বিরোধিতা করে অ্যাপল শুরু থেকেই ভুল করেছিল। বাজারের বাস্তবতা শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটিকে এ প্রযুক্তি গ্রহণ করতে হয়েছে।’

নতুন ম্যাকবুক মূলত কনটেন্ট নির্মাতা, ডিজাইনার ও আলোকচিত্রীদের জন্য তৈরি করা হয়েছে। আইডিসির ডিভাইস অ্যান্ড কনজিউমার রিসার্চ গ্রুপের প্রধান টম মেইনেলি বলেন, ‘যারা আগে থেকেই ফোন ও ট্যাবলেটে স্পর্শের মাধ্যমে কাজ করতে অভ্যস্ত, তাদের কাছে নতুন ম্যাকবুক আকর্ষণীয় হতে পারে।’

ওএলইডি পর্দায় দীর্ঘ সময় একই ছবি থাকলে স্থায়ী দাগ পড়ার ঝুঁকি থাকে। এ সমস্যা সমাধানে ল্যাপটপের কাঠামো নতুনভাবে সাজিয়েছে অ্যাপল। পাশাপাশি এম৫ চিপের প্রযুক্তি ব্যবহার করে পর্দার ছবি নিয়মিত হালনাগাদ রাখার ব্যবস্থা করা হয়েছে।

তবে বেশি দাম নতুন ম্যাকবুকের বাজার সম্প্রসারণের ক্ষেত্রে বাধা হতে দাঁড়াতে পারে। আইডিসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে ৩ কোটি ৩৪ লাখ টাচস্ক্রিন ল্যাপটপ সরবরাহ হয়েছে, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। এসব ল্যাপটপের গড় দাম ছিল প্রায় ১ হাজার ৯ ডলার। ফলে প্রতিযোগীদের তুলনায় অ্যাপলের নতুন পণ্যগুলোর দাম অনেক বেশি।

গত মাসের শুরুতে সিইওর দায়িত্ব নেয়ার পর থেকে একের পর এক নতুন পণ্য আনছেন টার্নাস। এর আগে ফোল্ডেবল আইফোন ডুয়ো ও স্মার্ট হোম হাব উন্মোচন করেছে অ্যাপল। নতুন পণ্যগুলোর মাধ্যমে প্রিমিয়াম পণ্যের বাজার ধরে রাখার পাশাপাশি আরো বেশি ক্রেতার কাছে পৌঁছাতে চায় প্রতিষ্ঠানটি।

আরও