যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত

হুমকির মুখে পড়তে পারে বৈশ্বিক জ্বালানি তেলের উদ্বৃত্ত

আগামী বছর বৈশ্বিক জ্বালানি তেল উদ্বৃত্ত হুমকির মুখে পড়তে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)।

সংস্থাটির গতকাল প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত জুনে বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহ দৈনিক ৪১ লাখ ব্যারেল বেড়েছে। তবে যুদ্ধপূর্ব সময়ের তুলনায় তা দৈনিক ৯৪ লাখ ব্যারেল কম।

আইইএর পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহ দৈনিক ৩৭ লাখ ব্যারেল কমে যেতে পারে। আগামী বছর সরবরাহ বাড়তে পারে দৈনিক ৭৫ লাখ ব্যারেল। তবে এ প্রবৃদ্ধি পুরোপুরি নির্ভর করবে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক থাকার ওপর।

সংস্থাটি আরো জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবার সংঘাত দেখা দেয়ায় আগামী বছর জ্বালানি তেল সরবরাহ উদ্বৃত্ত নিয়ে যে পূর্বাভাস দেয়া হয়েছিল তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আইইএ জানায়, আগামী বছর বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহ চাহিদার তুলনায় দৈনিক ৪৬ লাখ ২০ হাজার ব্যারেল বেশি থাকবে। তবে এ হিসাব তখনই মিলবে, যখন জ্বালানি তেল ক্ষেত্রগুলো পুনরায় উত্তোলন চালু করতে পারবে এবং স্বাভাবিকভাবে জ্বালানি পণ্য পরিবহন শুরু হবে।

আইইএর প্রাক্কলন অনুযায়ী, চলতি বছর বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা দৈনিক ১০ লাখ ব্যারেল কমবে। তবে ২০২৭ সালে তা দৈনিক ২০ লাখ ব্যারেল বাড়তে পারে।

আরও