এ সময়ে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭ দশমিক ৬ শতাংশ বেড়ে ২০ কোটি ৭০ লাখ টাকায় দাঁড়িয়েছে। সম্প্রতি প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং কার্যকর ব্যবসায়িক কৌশলের মাধ্যমে প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে আইপিডিসি ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিজওয়ান দাউদ শামস বলেন, ‘গ্রাহকদের আস্থাই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি। সেই আস্থা ধরে রাখতে সুশাসন, বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং মানসম্মত সেবার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। পাশাপাশি গ্রাহক, অংশীজন ও সমাজের জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।’
আইপিডিসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, ‘শক্তিশালী ব্যবসায়িক ভিত্তি ও সঠিক পরিকল্পনার ফলেই এ আর্থিক সাফল্য এসেছে। ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থায়নের মূল কার্যক্রম থেকেই পরিচালন আয়ের বড় অংশ এসেছে।’
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত আইপিডিসির মোট ঋণ পোর্টফোলিও দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৭ কোটি ৪০ লাখ টাকা। একই সময়ে ২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় মোট আমানত ৭ দশমিক ৯ শতাংশ বেড়ে ৬ হাজার ৭১৬ কোটি ৬০ লাখ টাকায় উন্নীত হয়েছে। মোট পরিচালন আয়ের প্রায় ৬০ শতাংশ এসেছে প্রতিষ্ঠানটির মূল অর্থায়ন কার্যক্রম থেকে। এছাড়া সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য বিনিয়োগ বৃদ্ধির ফলে বিনিয়োগ পোর্টফোলিও বেড়ে ১ হাজার ৫৩৪ কোটি ১০ লাখ টাকায় পৌঁছেছে।
বছরের প্রথমার্ধে প্রতিষ্ঠানটির মোট সুদ আয় ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪৮৮ কোটি ৯০ লাখ টাকা হয়েছে। একই সময়ে নিট সুদ আয় ২২ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৬ কোটি ৮০ লাখ টাকা। দ্বিতীয় প্রান্তিকে নিট সুদ আয় হয়েছে ৫৮ কোটি ৭০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৬ শতাংশ বেশি। এ সময়ে বিনিয়োগ থেকে আয় ৩৯ দশমিক ২ শতাংশ বেড়ে ৭৮ কোটি ৬০ লাখ টাকায় উন্নীত হয়েছে। ফলে মোট পরিচালন আয় ২৮ দশমিক ৯ শতাংশ বেড়ে ২০৬ কোটি ৪০ লাখ টাকায় দাঁড়িয়েছে। দ্বিতীয় প্রান্তিকে পরিচালন আয় হয়েছে ১১২ কোটি ২০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৩ শতাংশ বেশি।
প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ৮ দশমিক ১২ টাকা থেকে বেড়ে ১২ দশমিক শূন্য ২ টাকায় এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) দশমিক ৩৫ টাকা থেকে বেড়ে দশমিক ৪৮ টাকায় উন্নীত হয়েছে। ৩০ জুন পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ১৭ দশমিক শূন্য ১ টাকা, যা ২০২৫ সালের ডিসেম্বর শেষে ছিল ১৭ টাকা।