শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল সয়াবিনের দাম কমেছে। চীনের নিম্নমুখী চাহিদা ও উত্তর আমেরিকার দেশগুলোয় ফসল কাটার মৌসুমের কারণে সরবরাহ বৃদ্ধি তেলবীজটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।
সিবিওটিতে গতকাল সয়াবিনের দাম দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি বুশেলের (৬০ পাউন্ড) মূল্য নেমেছে ১০ ডলার ১০ সেন্টে। সপ্তাহজুড়ে সয়াবিনের দাম কমেছে ১ দশমিক ৫ শতাংশ।
এ সময় গম ও ভুট্টার দাম যথাক্রমে দশমিক ৩ ও দশমিক ২ শতাংশ কমেছে। খাদ্যশস্যগুলোর বুশেলপ্রতি মূল্য স্থির হয়েছে যথাক্রমে ৫ ডলার ২৫ সেন্ট ও ৪ ডলার ২৪ সেন্ট।
এক ব্যবসায়ী জানান, চীনে যুক্তরাষ্ট্রের সয়াবিনের চাহিদা কমে যাওয়ায় দাম কমে এসেছে। একই সময় যুক্তরাষ্ট্রে উৎপাদন বৃদ্ধি ও বিশ্ববাজারে পর্যাপ্ত সরবরাহও দাম কমার পেছনে ভূমিকা রেখেছে।
এছাড়া বিকল্প উৎস থেকে সয়াবিন আমদানি বাড়িয়েছে চীন। আর্জেন্টিনা সম্প্রতি প্রায় ২০টি কার্গোয় বা প্রায় ১৩ লাখ টন সয়াবিন চীনের কাছে বিক্রি করেছে।