প্রযুক্তি খাতের বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। খবর সিনেট।
মূলত মেমোরি চিপের উৎপাদন খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে ৪০০ ডলারের (প্রায় ৫০ হাজার টাকা) নিচে লো বা মিড-রেঞ্জের ফোনের সরবরাহ আগামী বছর অন্তত ২২ শতাংশ কমে যেতে পারে। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন সাধারণ ক্রেতারা।
ওমডিয়ার ত্রৈমাসিক স্মার্টফোন প্রযুক্তি ট্রেন্ডস প্রতিবেদনে বলা হয়, ৪০০ ডলারের সাশ্রয়ী ফোনগুলোর মেমোরি তৈরির খরচ আগের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে।
ওমডিয়ার বিশ্লেষক জাকের লি জানান, মেমোরির বাড়তি খরচ সামাল দিতে কিছু কোম্পানি ফোনের স্ক্রিন, সেন্সর ও রেডিও ফ্রিকোয়েন্সি মডিউলের মতো অন্যান্য যন্ত্রাংশের খরচ কমানোর চেষ্টা করছে। কিন্তু মেমোরির দাম যেভাবে বাড়ছে, তাতে ফোনের দাম আগের মতো সস্তা রাখা সম্ভব হচ্ছে না।
মেমোরি সংকটের কারণে অপো, ভিভো, অনর, শাওমির মতো জনপ্রিয় চীনা ফোন নির্মাতারা অনেক ডিভাইসের দাম বাড়াতে বাধ্য হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, দাম বাড়ায় সাধারণ ক্রেতারা এসব ফোন কেনা কমিয়ে দেবেন। চাহিদা কমে গেলে কোম্পানিগুলো এক পর্যায়ে কম দামি ফোন তৈরি সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে।
বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামো তৈরির কারণে বর্তমানে মেমোরির তীব্র সংকট দেখা দিয়েছে। এআই সিস্টেম সচল রাখতে বিপুল পরিমাণ র্যামের প্রয়োজন, যার প্রভাব পড়ছে ফোনের বাজারে।
ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) গ্লোবাল ক্লায়েন্ট ডিভাইসের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো জেরোনিমো জানান, কিছু ফোন বিক্রেতা বাজেট ফোনের বাজার পুরোপুরি ছেড়ে দেয়ার কথা ভাবছেন। কারণ কম দামি ফোনে মেমোরির খরচই যদি দ্বিগুণ হয়ে যায়, তবে ব্যবসা করে লাভ করা সম্ভব নয়।
বাজেট ফোনের বাজারে ধস নামলেও দামি বা প্রিমিয়াম ফোনে এর কোনো নেতিবাচক প্রভাব নেই। আইফোন ১৭ প্রো ম্যাক্স কিংবা স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রার মতো ১ হাজার ডলারের বেশি মূল্যের ফোনগুলোর বিক্রি আগের মতোই স্বাভাবিক রয়েছে।
ওমডিয়ার মতে, চলতি বছর ৪০০ ডলারের বেশি দামি ফোনের বাজার প্রায় ৫ দশমিক ৭ শতাংশ সম্প্রসারণ হবে।
মেমোরি সংকটের কারণে ওমডিয়া ধারণা করছে, গত বছরের তুলনায় চলতি বছর বিশ্বব্যাপী স্মার্টফোনের সামগ্রিক বাজার প্রায় ১২ শতাংশ কমবে। তবে ২০২৭ সালের শেষ দিকে বা ২০২৮ সালের শুরুতে র্যাম সংকটের সমাধান হতে পারে বলে আশা করা হচ্ছে।