অর্থনীতিতে ভোক্তাবান্ধব সংস্কারের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই দেশটিতে মূল্যস্ফীতি প্রায় দেড় বছরের মধ্যে সর্বোচ্চ হারে বেড়েছে। এমন অবস্থায় সুদহার কমানোর বিষয়ে আরো সতর্কতা অবলম্বনের বার্তা দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। খবর রয়টার্স।
দেশটির শ্রম বিভাগের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস (বিএলএস) গত বুধবার জানিয়েছে, জানুয়ারিতে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) দশমিক ৫ শতাংশ বেড়েছে. যা ২০২৩ সালের আগস্টের পর সর্বোচ্চ। গত ডিসেম্বরে দশমিক ৪ শতাংশ বেড়েছিল। এ সময় আবাসন ব্যয় দশমিক ৪ শতাংশ বেড়েছে, যা সিপিআই প্রায় ৩০ শতাংশ বৃদ্ধির জন্য দায়ী। এর আগে টানা দুই মাস আবাসন ব্যয় দশমিক ৩ শতাংশ হারে বাড়ে।
মার্কিন শ্রম বিভাগ জানিয়েছে, বছরের শুরুতে ব্যবসায়ীরা কিছু পণ্যের দাম বাড়িয়ে দেয়ায় মূল্যস্ফীতি পূর্বাভাসের তুলনায় বেশি হারে বেড়েছে। বিশেষ করে প্রেসক্রিপশন ওষুধ ও মোটরযান বীমার ব্যয় বেড়েছে।
মূল্যস্ফীতিতে ভুগতে থাকা ভোক্তাদের ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু উচ্চ মূল্যস্ফীতির কারণে কর হ্রাসসহ ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া অবৈধ অভিবাসীদের ব্যাপক হারে বহিষ্কার করলে শ্রমবাজার সংকুচিত হতে পারে। এতে মজুরি বাড়ার কারণে ব্যবসায়িক ব্যয় বাড়তে পারে।
বিএমও ক্যাপিটাল মার্কেটসের প্রধান মার্কিন অর্থনীতিবিদ স্কট অ্যান্ডারসন বলেন, ‘গত গ্রীষ্মে ভোক্তা মূল্যস্ফীতি কমার যে প্রবণতা ছিল, তা এখন আর দেখা যাচ্ছে না। বরং আগামী কয়েক মাস মূল্যস্ফীতির চাপ বাড়ার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা ফেডারেল রিজার্ভের জন্য সমস্যা তৈরি করতে পারে।’