অনুকূল আবহাওয়ার অপেক্ষায় আইভরি কোস্টে কোকোচাষীরা

গুণমান সমৃদ্ধ কোকো পেতে প্রয়োজন পর্যাপ্ত বৃষ্টি ও সূর্যালোকের ভারসাম্যপূর্ণ মৌসুম।

গুণমান সমৃদ্ধ কোকো পেতে প্রয়োজন পর্যাপ্ত বৃষ্টি ও সূর্যালোকের ভারসাম্যপূর্ণ মৌসুম। এ নিয়ে এখন বিপত্তিতে পড়েছেন বিশ্বের শীর্ষ কোকো উৎপাদনকারী দেশ আইভরি কোস্টের চাষীরা। বর্তমানে তারা অনুকূল আবহাওয়ার অপেক্ষায় রয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আফ্রিকার দেশটিতে এপ্রিলে শুরু হওয়া বর্ষা মৌসুম শেষ হবে নভেম্বরের মাঝামাঝিতে। এ মৌসুমের মাটির আর্দ্রতা কোকোর জন্য সহায়ক হলেও আবহাওয়া এখনো পুরোপুরি অনুকূল নয়। কারণ বর্ষা মৌসুম শুরুর পর বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হয়েছে।

এরই মধ্যে কিছু বাগানে কোকো ফল সংগ্রহ শুরু হয়েছে। তবে আবহাওয়া উন্নত না হলে ফসলের গুণগত মান কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন চাষীরা। তারা বলছেন, মধ্য মৌসুমের ফসল সংগ্রহের চূড়ান্ত ধাপের জন্য জুনের শেষ পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টি ও সূর্যালোকের ভারসাম্য খুবই প্রয়োজন।

সুব্রে, এগবোভিল, ডিভো ও আবেঙ্গুরুর মতো কোকোর প্রধান উৎপাদন অঞ্চলগুলোয় এবার ভালো ফলনের আশা করছেন কৃষকরা। তবে জুলাই থেকে ফলন কমা শুরু হতে পারে বলে তারা ধারণা করছেন। এখন পর্যন্ত কোকোর কোনো বাগানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ডালোয়া, বঙ্গুয়ানো ও ইয়ামুসুকোরোসহ আইভরি কোস্টের মধ্যাঞ্চলের কৃষকরা জানিয়েছেন, জুন-জুলাইয়ে আবহাওয়া মধ্য মৌসুমের ফসলের শেষ পর্যায় ও পরবর্তী প্রধান ফসলের শুরুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে সুব্রেতে ৩৭ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সর্বশেষ পাঁচ বছরের গড় থেকে অনেক কম। এ সময়ে ডালোয়ায় বৃষ্টি হয়েছে মাত্র ৯ দশমিক ১ মিলিমিটার।

গত সপ্তাহে আইভরি কোস্টে গড় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস। ভালো ফলনের জন্য আরো অনুকূল আবহাওয়ার প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন চাষীরা।

আরও