বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতা উৎসাহিতকরণ, জ্ঞান বিনিময় এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।
এ লক্ষ্যে গতকাল পিকেএসএফ ভবন-১-এ প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সমঝোতা স্মারকে পিকেএসএফের পক্ষে প্রতিষ্ঠানটির সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান এবং ইআরএফের পক্ষে সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাশেম স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান, ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এবং ইআরএফের প্রেসিডেন্ট দৌলত আকতার মালাসহ উভয় প্রতিষ্ঠানের অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আওতায় টেকসই জীবিকা, সামাজিক সুরক্ষা, জলবায়ু সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ইআরএফের সদস্যদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে।
এছাড়া পিকেএসএফের বিভিন্ন কার্যক্রম, গবেষণা, সমীক্ষা, উদ্ভাবন ও প্রকাশনা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করার পাশাপাশি এসব বিষয়ে তথ্য ও জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি করা হবে। পিকেএসএফের বিভিন্ন কর্মসূচি ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শনের জন্য ইআরএফ সদস্যদের নিয়ে মিডিয়া ভিজিট আয়োজনেও সহযোগিতা করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এসব যৌথ কার্যক্রমের মাধ্যমে মাঠপর্যায়ের উন্নয়ন উদ্যোগ, মানুষের জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে গণমাধ্যমকর্মীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে। এর ফলে অর্থনীতি ও উন্নয়নসংশ্লিষ্ট বিষয়ে আরো তথ্যসমৃদ্ধ ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতা উৎসাহিত হবে।