আন্তর্জাতিক বাজারে ৩ বছরের সর্বনিম্নে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানি হওয়া সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানি হওয়া সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। কিছু দেশের ক্ষেত্রে তা আরো বেশি নির্ধারণ করা হয়েছে। তার জবাবে চীনও আমেরিকান পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেয়। এমন প্রেক্ষাপটে বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ আরো তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্বব্যাপী শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৭ শতাংশ কমে গত তিন বছরের সর্বনিম্নে নেমেছে। খবর রয়টার্স।

সাপ্তাহিক লেনদেনের শেষদিনে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম কমেছে ৪ ডলার ৫৬ সেন্ট বা ৬ দশমিক ৫ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৬৫ ডলার ৫৮ সেন্টে। এদিন মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪ ডলার ৯৬ সেন্ট বা ৭ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি মূল্য নেমেছে ৬১ ডলার ৯৯ সেন্টে। শুক্রবার লেনদেন চলাকালীন ব্রেন্টের দাম সর্বনিম্ন ব্যারেলে ৬৪ ডলার ৩ সেন্ট ও ডব্লিউটিআই ৬০ ডলার ৪৫ সেন্টে নেমে আসে, যা চার বছরের মধ্যে সর্বনিম্ন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন, ‘ট্রাম্পের নতুন শুল্কনীতি প্রত্যাশার তুলনায় বেশি কঠোর। সামনের দিনগুলোয় মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক ধীরগতিও বাড়তে পারে। কেন্দ্রীয় ব্যাংকও সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।’

বিশ্বের শীর্ষ জ্বালানি তেল আমদানিকারক দেশ চীন ঘোষণা দেয়, ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সব পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এছাড়া বিশ্বের অন্যান্য দেশও তার জবাবে পাল্টা ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছে। বর্ধিত এ বাণিজ্যযুদ্ধের প্রভাবে বিনিয়োগকারীরা বিশ্বমন্দার আশঙ্কা আরো জোরালোভাবে বিবেচনায় নিচ্ছেন।

শুল্কের প্রভাবে অপরিশোধিত জ্বালানি তেল ছাড়াও প্রাকৃতিক গ্যাস, সয়াবিন ও স্বর্ণের দামও কমেছে। একই সঙ্গে বিশ্ববাজারের শেয়ারদরেও তীব্র পতন দেখা গেছে। বিনিয়োগ ব্যাংক জেপি মর্গান জানায়, ২০২৫ সালের মধ্যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা বর্তমানে ৬০ শতাংশ, আগে যা ছিল ৪০ শতাংশ।

এদিকে সপ্তাহ ভিত্তিতে ব্রেন্টের দাম ১০ দশমিক ৯ শতাংশ কমেছে, যা দেড় বছরের মধ্যে সবচেয়ে বড় পতন। এ সময় ডব্লিউটিআইয়ের দাম নিম্নমুখী হয়েছে ১০ দশমিক ৬ শতাংশ, যা দুই বছরের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক পতন।

ইউনাইটেড আইক্যাপের এনার্জি স্পেশালিস্ট স্কট শেলটন বলেন, ‘বর্তমান দামই হয়তো ‘‘ন্যায্যমূল্যের’’ কাছাকাছি। তবে প্রকৃতপক্ষে চাহিদা ঠিক কতটা কমেছে তা বোঝা গেলে আরো স্পষ্ট ধারণা পাওয়া যাবে।’

আরও