চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৫ শতাংশ বিক্রি কমেছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা টেসলার। এ নিয়ে টানা দুই প্রান্তিক বিক্রির পতন দেখল কোম্পানিটি। খবর আনাদোলু।
প্রকাশিত তথ্যানুযায়ী, এ সময়ে ইলোন মাস্কের কোম্পানিটি ৩ লাখ ৮৪ হাজার ১২২টি গাড়ি সরবরাহ করেছে, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৪ লাখ ৪৩ হাজার ৯৫৬ ইউনিট।
গাড়ি উৎপাদনেও কিছুটা পতন দেখেছে টেসলা। জুনে শেষ হওয়া প্রান্তিকে ৪ লাখ ১০ হাজার ২৪৪ ইউনিট গাড়ি তৈরি করেছে, যা আগের বছরের একই সময়ের ৪ লাখ ১০ হাজার ৮৩১ ইউনিট থেকে কিছুটা কম।
চলতি বছরের শুরু থেকে গত মঙ্গলবার পর্যন্ত টেসলার শেয়ারের দাম প্রায় ২৬ শতাংশ কমেছে, যা তথাকথিত ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ শেয়ারের মধ্যে সবচেয়ে বাজে পারফরম্যান্স। এতে কোম্পানিটির বাজারমূল্য ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারের নিচে নেমে গেছে।
বিশ্লেষকরা বলছেন, দুটি ঘটনার কারণে ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে টেসলার বিক্রি। চীনা ইভি নির্মাতারা নতুন ও আরো সাশ্রয়ী মডেল বাজারে ছাড়ায় টেসলার প্রতিযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। একই সঙ্গে টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক বর্তমানে রাজনৈতিক প্রতিক্রিয়ার মুখোমুখি হচ্ছেন। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে একাধিক বিক্ষোভ হচ্ছে, যা কোম্পানির ভাবমূর্তি ও বিক্রিতে প্রভাব ফেলছে।
সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম বড় আর্থিক পৃষ্ঠপোষক ছিলেন মাস্ক। সরকারি বিভিন্ন সংস্থার আকার ও ক্ষমতা কমানোর লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের অধীনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) নামে একটি উদ্যোগ চালু হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন মাস্ক নিজেই। তবে মে মাসে তার এ দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প ও ইলোন মাস্কের সম্পর্ক তিক্ততায় রূপ নিয়েছে। ‘বিগ, বিউটিফুল বিল’ ঘিরেই এ দ্বন্দ্ব। যার সমালোচনায় মাস্ক বলেছিলেন, এটি মার্কিন বাজেট ঘাটতি বাড়িয়ে দেবে।