৪২০০ ডলার ছাড়াল স্বর্ণের আউন্সপ্রতি দাম

স্বর্ণের দাম এবার আউন্সপ্রতি ৪ হাজার ২০০ ডলার ছাড়িয়েছে। স্পট মার্কেটে গতকাল লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ২১৭ ডলার ৯৫ সেন্টে পৌঁছে যায়।

স্বর্ণের দাম এবার আউন্সপ্রতি ৪ হাজার ২০০ ডলার ছাড়িয়েছে। স্পট মার্কেটে গতকাল লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ২১৭ ডলার ৯৫ সেন্টে পৌঁছে যায়। এছাড়া ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে গতকাল ধাতুটির দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২২০ ডলার ২০ সেন্টে। খবর রয়টার্স।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, মূল্যবান ধাতুটির মূল্যবৃদ্ধিতে প্রধানত ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চলতি বছর আরো সুদহার কমানোর প্রত্যাশা ও চীন-মার্কিন–বাণিজ্য উত্তেজনা পুনরায় বৃদ্ধি। এসবের প্রভাবে আপৎকালীন বিনিয়োগ হিসেবে এখন স্বর্ণের চাহিদা বেড়েই চলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, চলমান সরকারি অচলাবস্থার (শাটডাউন) কারণে তার প্রশাসন শুক্রবার একটি তালিকা প্রকাশ করবে। এতে বন্ধ হয়ে যাওয়া ‘ডেমোক্র্যাট কর্মসূচিগুলোর’ নাম থাকবে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের পাশাপাশি ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের সাম্প্রতিক মন্তব্যের প্রভাবে স্বর্ণের দাম বেড়েই চলেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান স্টোনএক্সের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ‘মার্কিন সরকারের শাটডাউন ও ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের সতর্ক মন্তব্য স্বর্ণের দাম বাড়ার নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে।’

ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল মঙ্গলবার বলেন, ‘যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে নিয়োগের গতি এখনো মন্থর এবং বেতন বৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম। তবে সামগ্রিকভাবে অর্থনীতি পূর্বাভাসের চেয়ে কিছুটা ভালো অবস্থানে থাকতে পারে। ফেডের সুদহার-সংক্রান্ত সিদ্ধান্ত প্রতিটি বৈঠকে আলাদাভাবে নেয়া হবে। এতে শ্রমবাজারের দুর্বলতা ও লক্ষ্যমাত্রার ওপরে থাকা মূল্যস্ফীতির বিষয়টি সমানভাবে বিবেচনায় রাখা হবে।’

বিনিয়োগকারীরা এখন দৃঢ়ভাবে প্রত্যাশা করছেন যে অক্টোবর ও ডিসেম্বরে ২৫ বেসিস পয়েন্ট করে দুই দফা সুদহার কমাবে ফেড। বিশ্লেষকদের মতে, সাধারণত নিম্নসুদের পরিবেশে এবং রাজনৈতিক বা অর্থনৈতিক অনিশ্চয়তার সময় নিরাপদ বিনিয়োগমাধ্যম হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে যায়। এ কারণে মূল্যবান ধাতুটির দামও বাড়তে থাকে।

চলতি বছরের এখন পর্যন্ত মূল্যবান ধাতুটির দাম বেড়েছে ৫৯ শতাংশ। ভূরাজনৈতিক অনিশ্চয়তা, ফেডের সম্ভাব্য সুদহার হ্রাস, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয়, ডলারের বিকল্প মাধ্যমে ঝোঁক এবং ইটিএফে প্রবল বিনিয়োগপ্রবাহ—এসব কারণে স্বর্ণবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

ম্যাট সিম্পসন বলেন, ‘এ ঊর্ধ্বমুখী ধারা এখন একধরনের গতিনির্ভর লেনদেনে পরিণত হয়েছে, যেখানে অনেক ব্যবসায়ী কেবল বাড়তে থাকা দামকে অনুসরণ করেই বিনিয়োগ করছেন।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন চীনের সঙ্গে কিছু বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার কথা বিবেচনা করছে। এর মধ্যে ভোজ্যতেল রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার থেকেই দুই দেশ একে অপরের ওপর পাল্টা বন্দর ফি আরোপ শুরু করেছে।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মঙ্গলবার ২০২৫ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি পূর্বাভাস কিছুটা বাড়ালেও সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা নতুন করে বাড়লে তা বৈশ্বিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

স্পট মার্কেটে গতকাল রুপার দাম ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৫২ ডলার ৪৮ সেন্টে। এছাড়া প্লাটিনামের দাম গতকাল ১ দশমিক ৩ শতাংশ বেড়ে পৌঁছেছে আউন্সপ্রতি ১ হাজার ৬৫৮ ডলার ৬৫ সেন্টে এবং প্যালাডিয়ামের দাম দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৮ ডলার ৭৫ সেন্টে।

আরও