প্রথমবারের মতো বার্ষিক ভিত্তিতে বিশ্বব্যাপী বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রিতে মার্কিন প্রতিদ্বন্দ্বী টেসলাকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে চীনের বিওয়াইডি। খবর বিবিসি।
বিওয়াইডি সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর কোম্পানিটির ব্যাটারিচালিত গাড়ির বিক্রি প্রায় ২৮ শতাংশ বেড়ে হয়েছে ২২ লাখ ৫০ হাজারের লাখের বেশি।
অন্যদিকে বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, পুরো বছর টেসলার বিক্রি ছিল প্রায় ১৬ লাখ ৫০ লাখ ইউনিট।
অবশ্য ইলোন মাস্ক মালিকানাধীন কোম্পানিটির জন্য ২০২৫ সাল ছিল বেশ কঠিন। নতুন পণ্যের প্রতি বাজারে মিশ্র প্রতিক্রিয়ার পাশাপাশি মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে অস্বস্তি ও চীনা প্রতিদ্বন্দ্বীদের তীব্র প্রতিযোগিতা মিলিয়ে টেসলার ওপর চাপ বেড়েছে।
বিক্রি বাড়ানোর লক্ষ্য নিয়ে গত অক্টোবরে টেসলা নতুন উদ্যোগ নেয়। ওই সময় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিক্রি হওয়া দুটি মডেলের কম দামের সংস্করণ বাজারে আনে কোম্পানিটি। তুলনামূলক নতুন ও সাশ্রয়ী মডেল আনতে দেরি করার জন্য এর আগে প্রতিষ্ঠানটি সমালোচনার মুখে পড়েছিল।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলোন মাস্কের সামনে আগামী দশকে টেসলার গাড়ি বিক্রি ও শেয়ারবাজার মূল্য উল্লেখযোগ্যভাবে বাড়ানোর বড় চ্যালেঞ্জ রয়েছে। এর মাধ্যমে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক প্যাকেজ নিশ্চিত করতে পারবেন তিনি। চুক্তিটি নভেম্বরে শেয়ারহোল্ডারদের অনুমোদন পেয়েছে। এর আওতায় তিনি সর্বোচ্চ ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার পর্যন্ত পারিশ্রমিক পেতে পারেন।
চুক্তির অংশ হিসেবে, মাস্ককে আগামী ১০ বছরে ১০ লাখ হিউম্যানয়েড রোবটও বিক্রি করতে হবে। এ লক্ষ্যে অপটিমাস রোবট ও চালকবিহীন রোবোট্যাক্সি প্রকল্পে ব্যাপক বিনিয়োগ করছে টেসলা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দেয়ার পর ব্যাপক প্রতিক্রিয়ার মুখে পড়েন মাস্ক। এর জের থেকে ২০২৫ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) টেসলার বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে যায়।
টেসলার বাইরে মাস্কের অন্যান্য বড় ব্যবসার মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স, রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স ও টানেল খননকারী দ্য বোরিং কোম্পানি।