২০২৭ সাল

২৫ লাখের বেশি গাড়ি রফতানির লক্ষ্য বিওয়াইডির

বরাবরের মতো চলতি বছরও রফতানি বাড়ানোর পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।

চীনের বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা বিওয়াইডি ২০২৭ সালে ২৫ লাখের বেশি গাড়ি রফতানির লক্ষ্য নির্ধারণ করেছে। বরাবরের মতো চলতি বছরও রফতানি বাড়ানোর পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। বিদেশের বাজারে বাজার হিস্যা বৃদ্ধি, নিজস্ব গাড়ি পরিবহনের জাহাজের বহর সম্প্রসারণ ও বিভিন্ন দেশে উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর ভিত্তি করে এ লক্ষ্য নির্ধারণ করেছে বিওয়াইডি। খবর রয়টার্স।

ডয়চে ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালে বিদেশে ১৯-২০ লাখ গাড়ি পাঠানোর লক্ষ্যমাত্রা দিয়েছে বিওয়াইডির ব্যবস্থাপনা বিভাগ। গত বছরের তুলনায় যা প্রায় দ্বিগুণ। তবে চলতি বছর গাড়ি পরিবহনের সীমাবদ্ধতার কারণে বিদেশে বিক্রি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। পরিবহন সক্ষমতা আরো বেশি থাকলে রফতানির পরিমাণ বাড়ানো সম্ভব হতো বলে জানায় বিভাগটি।

বিদেশে উৎপাদন বাড়ানোর পরিকল্পনাও করছে বিওয়াইডি। হাঙ্গেরিতে কোম্পানিটির কারখানায় গাড়ি সংযোজনের কাজ নভেম্বর বা ডিসেম্বরে শুরু হতে পারে। এছাড়া ইউরোপের বাইরে আরো কয়েকটি দেশে উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

বিদেশে স্থানীয়ভাবে উৎপাদন বাড়ালে আমদানি শুল্কের চাপ কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সিটি ব্যাংকের এক বিশ্লেষণে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নে ব্যাটারিচালিত ইভির ওপর প্রায় ২৭ শতাংশ ও ব্রাজিলে ৩৪ শতাংশ আমদানি শুল্ক রয়েছে। স্থানীয় উৎপাদনের মাধ্যমে এসব শুল্ক এড়ানো সম্ভব। এতে প্রতিটি গাড়িতে ৪০ হাজার ইউয়ানের বেশি সাশ্রয় হতে পারে।

চার্জিং অবকাঠামো সম্প্রসারণেরও পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। ২০২৮ সালের মধ্যে ৯০ হাজার ‘ফ্ল্যাশ চার্জিং’ স্টেশন স্থাপনের লক্ষ্য নিয়েছে বিওয়াইডি। এর মধ্যে ২০২৬ সালের শেষ নাগাদ ২০ হাজার স্টেশন স্থাপন করা হবে। পাশাপাশি ২০২৭ সালে আরো ৩০ হাজার ও ২০২৮ সালে ৪০ হাজার স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এদিকে চীনের অভ্যন্তরীণ বাজারেও বাজার হিস্যা বাড়াতে চাইছে বিওয়াইডি। দেশটির মোট গাড়ি বাজারের ২৫ শতাংশ দখলের লক্ষ্য নিয়েছে কোম্পানিটি। চলতি বছরের শুরুতে চীনের বাজারে বিওয়াইডির হিস্যা ছিল ৮ শতাংশ। জুলাইয়ে তা বেড়ে ১৮ শতাংশে দাঁড়িয়েছে।

আরও