২০২৪ সাল

দেউলিয়াত্বের আবেদন করেছিল পরিচিত মার্কিন কোম্পানিগুলো

বিশ্বজুড়ে অনেক কোম্পানির জন্য ২০২৪ সাল ছিল কঠিন বছর। উচ্চ সুদহার, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও কম ভোক্তা ব্যয়ের কারণে এ সময় শোচনীয় পরিস্থিতিতে পড়ে অসংখ্য ব্যবসা।

বিশ্বজুড়ে অনেক কোম্পানির জন্য ২০২৪ সাল ছিল কঠিন বছর। উচ্চ সুদহার, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও কম ভোক্তা ব্যয়ের কারণে এ সময় শোচনীয় পরিস্থিতিতে পড়ে অসংখ্য ব্যবসা। এর মধ্যে বেশকিছু পরিচিত মার্কিন কোম্পানি দেউলিয়াত্বের আবেদন করেছিল। এছাড়া অনেক কোম্পানিকে পরিবর্তিত প্রবণতা বা সাইবার হামলার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।

নিয়োগসংক্রান্ত সংস্থা চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাসের সংকলিত তথ্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, ২০২৪ সালের দেউলিয়াত্বের আবেদন করা অন্তত ১৯টি মার্কিন কোম্পানি ১৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে।

ওই বছর যুক্তরাষ্ট্রে আগের বছরের তুলনায় খুচরা দোকান বন্ধ হয়ে যাওয়ার সংখ্যা বেড়ে যায়। ২০২১ ও ২০২২ সালে গ্রাহকরা ফার্নিচার, টেলিভিশন ও পোশাক কিনতে অনেক বেশি অর্থ খরচ করলেও পরের দুই বছরে সে প্রবণতা কমে যায়। গবেষণা প্রতিষ্ঠান কোরসাইট অনুসারে, গত নভেম্বরের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্ধ হয়েছে ৭ হাজার ১০০টির বেশি দোকান, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৬৯ শতাংশ বেশি।

দেউলিয়াত্বের আবেদন মানেই সবসময় এই নয় যে কোনো কোম্পানি পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। ঋণ পুনর্গঠনসহ বিভিন্ন কার্যকলাপ বন্ধ, কর্মী ছাঁটাই বা আউটলেট বন্ধ এর অন্তর্ভুক্ত থাকে।

গত বছর খুচরা খাতে দেউলিয়াত্বের আবেদনের বড় ঘটনা হলো বিগ লটসের আর্থিক ধস। সেপ্টেম্বরে এ ডিসকাউন্ট চেইন জানায়, একটি বেসরকারি ইকুইটি ফার্মের কাছে কোম্পানি বিক্রির পরিকল্পনা ব্যর্থ হয়েছে। শিগগিরই ৯৬৩টি স্টোর বন্ধ করে দেয়া হবে। পরে ডিসেম্বরে গর্ডন ব্রাদার্স রিটেইল পার্টনার্সের কাছে কয়েকশ দোকান হস্তান্তরের চুক্তি করে।

ফিটনেস সরঞ্জামে পরিচিত প্রতিষ্ঠান বোফ্লেক্স গত মার্চে দেউলিয়াত্বের আবেদন করেছিল। কয়েক মাস পর তাইওয়ানভিত্তিক একটি কোম্পানি নগদ ৩ কোটি ৭৫ লাখ ডলারে বেশির ভাগ সম্পদ কিনে নেয়ার পর দেউলিয়া অবস্থা থেকে বেরিয়ে আসে বোফ্লেক্স।

ফ্যাশন খাতে খুচরা বিক্রেতা হিসেবে একসময় বেশ জনপ্রিয় ছিল এক্সপ্রেস। কিন্তু পণ্যের দুর্বল বাছাইকরণে ক্রেতা হারানো কোম্পানিটি এপ্রিলে দেউলিয়াত্বের আবেদন করেছিল। ওই সময় ব্র্যান্ডটির প্রায় ১০০টি স্টোর বন্ধ হয়ে যায়। এছাড়া ৮১ বছরের ফ্যাব্রিক ও ক্রাফট স্টোর জোয়ান গত মার্চে দেউলিয়াত্বের আবেদন করেছিল। ফ্যাব্রিক, আর্ট ও সরবরাহ উপকরণসহ গ্রাহকের ব্যয় কমায় সিদ্ধান্তটি নিতে হয় বলে জানানো হয় তখন।

বড় অংকের লোকসান, উচ্চ ঋণ, ক্রমবর্ধমান প্রতিযোগিতা ও একীভূতকরণের ব্যর্থ প্রচেষ্টার কারণে নভেম্বরে দেউলিয়াত্বের আবেদন করে স্পিরিট এয়ারলাইনস। স্টোলি ভদকার নির্মাতা স্টোলি গ্রুপ ইউএসএ ডিসেম্বরে দেউলিয়া বিষয়ে আবেদন করে। ধীরগতির চাহিদা, বড় ধরনের সাইবার হামলা ও আরো কয়েকটি কারণে এ দশার সৃষ্টি হয়।

এ তালিকায় আরো আছে জনপ্রিয় আমেরিকান ডাইনিং রেস্তোরাঁ চেইন টিজিআই ফ্রাইডেস, হার্ডওয়্যার স্টোর ট্রু ভেল্যু ও বিশ্বব্যাপী পরিচিত উচ্চ মানের প্লাস্টিকের খাদ্য স্টোরেজ পাত্রের জন্য পরিচিত টাপারওয়্যার।

আগস্টে দেউলিয়াত্বের আবেদন করে এলএল ফ্লোরিং বা সাবেক লাম্বার লিকুইডেটরস। ব্যয়বহুল বাড়ির সংস্কারে গ্রাহকের কম ব্যয় এবং আবাসন বাজার মন্থর হয়ে পড়ায় ফ্লোরিং সরঞ্জামের কোম্পানিটি মন্দায় পড়ে যায়। ৪০ বছরের পুরনো খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান পার্টি সিটি ডিসেম্বরে দেউলিয়াত্বের আবেদন করে, যা দুই বছরের মধ্যে দ্বিতীয়বার।

কোম্পানিটির চলতি বছরের শুরুতে প্রায় ৭০০ স্টোর বন্ধ করার পরিকল্পনা করেছে। এছাড়া সাশ্রয়ী দামে চিংড়ি ও গলদা চিংড়ির জন্য পরিচিত বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক খাবারের রেস্তোরাঁ চেইন রেড লবস্টার গত মে মাসে দেউলিয়াত্বের আবেদন করে।

আরও