মার্কিন বৃহৎ বিনিয়োগ ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রথম আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে জেপি মরগান চেজ। প্রতিষ্ঠানটির দেয়া তথ্যানুসারে, এ সময় নিট মুনাফা কমেছে গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ। তবে প্রত্যাশার তুলনায় বেড়েছে আয়। খবর সিএনবিসি।
জুনে শেষ হওয়া প্রান্তিকে জেপি মরগান নিট মুনাফা করেছে ১ হাজার ৪৯০ কোটি ডলার বা শেয়ারপ্রতি ৫ ডলার ২৪ সেন্ট। তবে ব্যাংকটি গত বছরের দ্বিতীয় প্রান্তিকে আন্তর্জাতিক পেমেন্ট প্লাটফর্ম ভিসার শেয়ার বিক্রি করে ৭৯০ কোটি ডলার মুনাফা করেছিল। তাই ওই সময় মুনাফা তুলনামূলক বেশি ছিল।
অন্যদিকে এবার ৭৭ কোটি ৪০ লাখ ডলারের একটি কর সুবিধা পেয়েছে জেপি মরগান। এতে শেয়ারপ্রতি বাড়তি আয় হয়েছে ২৮ সেন্ট। এ কর সুবিধা বাদ দিয়েও ব্যাংকটির প্রকৃত আয় বাজার বিশ্লেষকদের দেয়া পূর্বাভাসের তুলনায় বেশি। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ট্রেডিং ও বিনিয়োগ ব্যাংকিং কার্যক্রমে চাঙ্গা ভাবের কারণে প্রত্যাশার তুলনায় জেপি মরগানের আয় বেড়েছে।
দ্বিতীয় প্রান্তিকে জেপি মরগানের মোট আয় ১০ শতাংশ কমে ৪ হাজার ৫৬৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। ব্যাংকটির প্রধান নির্বাহী জেমি ডাইমন বলেন, ‘গত প্রান্তিকজুড়ে মার্কিন অর্থনীতি স্থিতিশীল ছিল। তবে শুল্কনীতি, বাণিজ্য অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, উচ্চ ঘাটতি ও সম্পদের উচ্চ মূল্যের মতো বড় ঝুঁকি এখনো রয়ে গেছে।’
এপ্রিল-জুন পর্যন্ত জেপি মরগানের বিনিয়োগ ব্যাংকিং ফি ৭ শতাংশ বেড়ে ২৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা এর আগে বিশ্লেষকদের দেয়া পূর্বাভাসের তুলনায় প্রায় ৪৫ কোটি ডলার বেশি।
এদিকে জেপি মরগান চেজ চলতি বছরের নিট সুদ আয়ের পূর্বাভাস সংশোধন করেছে। প্রতিষ্ঠানটি বলছে, চলতি বছর নিট সুদ আয় প্রায় ৯ হাজার ৫৫০ কোটি ডলার হতে পারে, যা আগে দেয়া পূর্বাভাসের তুলনায় প্রায় ১০০ কোটি ডলার বেশি।