জানুয়ারি-মার্চ প্রান্তিক

আয়, মুনাফা ও লোকসান

মায়ের্স্ক

প্রত্যাশার তুলনায় বেশি মুনাফা অর্জন করেছে বিশ্বের অন্যতম শীর্ষ জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান মায়ের্স্ক। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানির কর-পূর্ব মুনাফা দাঁড়িয়েছে ১৭৩ কোটি ডলারে। বাজার বিশ্লেষকদের প্রত্যাশার তুলনায় যা ৭ কোটি ডলার বেশি। যদিও গত বছরের একই সময়ের তুলনায় (২৭১ কোটি ডলার) এ মুনাফা অনেক কম। গতকাল প্রকাশিত প্রতিবেদনে কোম্পানিটি জানায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাবে বৈশ্বিক পণ্য পরিবহন খাত এখন চরম অনিশ্চয়তার মুখে। ফলে মুনাফা আশানুরূপ হলেও পুরো বছরের জন্য নিজেদের আয়ের লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রেখেছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স

ওয়ার্নার ব্রোস ডিসকভারি

বড় ধরনের লোকসানের কথা জানিয়েছে বিশ্বখ্যাত বিনোদন ও মিডিয়া জায়ান্ট ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি (ডব্লিউবিডি)। চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি ২৯০ কোটি ডলার নিট লোকসান করেছে। গত বুধবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিষ্ঠানটি জানায়, মূলত নেটফ্লিক্সের সঙ্গে একটি বড় চুক্তি বাতিল হওয়া ও কোম্পানির অভ্যন্তরীণ সংস্কার কাজের খরচের কারণে এ ধস নেমেছে। চুক্তি বাতিলের ক্ষতিপূরণ বা ‘টার্মিনেশন ফি’ হিসেবে ২৮০ কোটি ডলার গুনতে হচ্ছে ওয়ার্নার ব্রাদার্সকে। খবর রয়টার্স

ওয়াল্ট ডিজনি

আয়ের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে বিনোদন জায়ান্ট ওয়াল্ট ডিজনি। গত বুধবার প্রতিষ্ঠানের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জশ ডি’আমারো ডিজনির ভবিষ্যৎ প্রবৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে তিনি জানান, বছরের প্রথম তিন মাসে কোম্পানিটির আয় হয়েছে ২ হাজার ৫২০ কোটি ডলার, যা বাজার বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি। শেয়ারহোল্ডারদের কাছে লেখা এক চিঠিতে সিইও জানান, ২০২৬ অর্থবছর শেষে কোম্পানির প্রবৃদ্ধি ১২ শতাংশে পৌঁছতে পারে। খবর বিজনেস রেকর্ডার

প্যান্ডোরা

গহনা তৈরির দুনিয়ায় আশাতীত সাফল্য দেখিয়েছে ড্যানিশ ব্র্যান্ড প্যান্ডোরা। তবে সাফল্যের মাঝেও উত্তর আমেরিকার বাজারে বিক্রি কমে যাওয়া কোম্পানিটিকে কিছুটা দুশ্চিন্তায় রেখেছে। গত বুধবার প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, প্রথম প্রান্তিকে প্যান্ডোরার আয় বাজার বিশ্লেষকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। বছরের প্রথম তিন মাসে মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ১০৯ বিলিয়ন ডেনিশ ক্রোন (প্রায় ১ দশমিক ১২ বিলিয়ন ডলার)। গত বছরের একই সময় এ বিক্রির পরিমাণ ছিল ৭ দশমিক ৩৪৭ বিলিয়ন ক্রোন। একই সঙ্গে কোম্পানির পরিচালনা মুনাফা হয়েছে ১ দশমিক ৪৮৭ বিলিয়ন ক্রোনে, যা বিশ্লেষকদের পূর্বানুমান (১ দশমিক ২৮ বিলিয়ন ক্রোন) থেকে বেশি। খবর গ্লোবাল ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স

স্ন্যাপ

জনপ্রিয় মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান ‘স্ন্যাপ’ প্রথম প্রান্তিকের ব্যবসায়িক প্রতিবেদন প্রকাশ করেছে গত বুধবার। এতে দেখা গেছে, বছরের প্রথম তিন মাসে প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন বাবদ আয় বাধাগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত মার্চে প্রায় ২ কোটি থেকে আড়াই কোটি ডলারের বিজ্ঞাপনী লোকসান হয়েছে। তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে স্ন্যাপের মোট আয় হয়েছে ১৫৩ কোটি ডলার, যা বাজার বিশ্লেষকদের পূর্বাভাসের সঙ্গে মিলে গেছে। এর মধ্যে বিজ্ঞাপন থেকে আয় ৩ শতাংশ বেড়ে ১২৪ কোটি ডলারে দাঁড়িয়েছে। খবর রয়টার্স

আরও