জিসিসি অঞ্চল

সৌদি আরবের জ্বালানি তেলবহির্ভূত বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে

গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) জোটের দেশগুলোর সঙ্গে গত এপ্রিলে সৌদি আরবের জ্বালানি তেলবহির্ভূত বাণিজ্য উদ্বৃত্ত ২০০ শতাংশেরও বেশি বেড়েছে।

গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) জোটের দেশগুলোর সঙ্গে গত এপ্রিলে সৌদি আরবের জ্বালানি তেলবহির্ভূত বাণিজ্য উদ্বৃত্ত ২০০ শতাংশেরও বেশি বেড়েছে। এ প্রবৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে পুনঃরফতানি বাণিজ্যের প্রবৃদ্ধি এবং আঞ্চলিক অর্থনীতিতে ঘনিষ্ঠ সম্পর্ক। খবর আরব নিউজ।

সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিলে জিসিসি দেশগুলোর সঙ্গে সৌদি আরবের জ্বালানি তেলবহির্ভূত বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৩৫১ কোটি সৌদি রিয়াল বা ৯৩ কোটি ৫০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে বাণিজ্য উদ্বৃত্তের আকার ছিল ১১৬ কোটি রিয়াল। অর্থাৎ বার্ষিক ভিত্তিতে প্রবৃদ্ধি হয়েছে ২০৩ দশমিক ২ শতাংশ।

জ্বালানি তেলবহির্ভূত বাণিজ্যের মধ্যে পুনঃরফতানিও অন্তর্ভুক্ত। এপ্রিলে এ খাতে আয় হয়েছে ১ হাজার ৮০৩ কোটি রিয়াল, যা আগের বছরের একই মাসের ১ হাজার ২৭৬ কোটি রিয়ালের তুলনায় ৪১ দশমিক ৩ শতাংশ বেশি।

উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সাম্প্রতিক বছরগুলোয় জ্বালানি তেলবহির্ভূত খাত সম্প্রসারণে নীতি সংস্কার করেছে। এ লক্ষ্যে সৌদি আরব ‘ভিশন ২০৩০’ পরিকল্পনা নিয়ে কাজ করছে। জিসিসি অঞ্চলের অন্যান্য দেশও এমন পদক্ষেপ নিয়ে এগোচ্ছে। এ কর্মসূচির লক্ষ্য হলো জ্বালানি খাতের ওপর নির্ভরতা কমিয়ে সরবরাহ চেইন, আর্থিক, পর্যটন ও উৎপাদন খাতের বিকাশ।

সৌদি আরবের জ্বালানি তেলবহির্ভূত রফতানি মধ্যে রয়েছে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ও পুনঃরফতানীকৃত পণ্য—যা বার্ষিক হিসেবে ৫৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭ কোটি রিয়ালে। এর মধ্যে পুনঃরফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৮১ শতাংশ, যার আকার ৭৭৪ কোটি রিয়াল। উৎপাদিত পণ্য রফতানিও ১৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ৩০৩ কোটি রিয়াল হয়েছে।

অন্যদিকে জিসিসি দেশগুলো থেকে সৌদি আরবে আমদানিও বেড়েছে। এপ্রিল মাসে তা দাঁড়িয়েছে ৭২৬ কোটি রিয়ালে, যা আগের বছরের ৫৮০ কোটি রিয়ালের তুলনায় ২৫ দশমিক ২ শতাংশ বেশি।

জিসিসির সদস্যদেশগুলোর মধ্যে সৌদি আরবের সবচেয়ে বড় আঞ্চলিক বাণিজ্য অংশীদার হিসেবে অবস্থান বজায় রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এপ্রিলে এ বাণিজ্যের পরিমাণ ছিল ১ হাজার ৩৫৩ কোটি রিয়াল—যা জিসিসি অঞ্চলের সঙ্গে সৌদির মোট জ্বালানি তেলবহির্ভূত বাণিজ্যের ৭৫ দশমিক ১ শতাংশ।

আরও