পরিবেশবান্ধব গাড়ি উৎপাদনে ১৩ কোটি পাউন্ড বিনিয়োগ করছে ব্রিটেন

কার্বন নিঃসরণহীন গাড়ি বা ‘জিরো-এমিশন ভেহিকল’ প্রযুক্তির দ্রুত প্রসারে প্রায় ১৩ কোটি পাউন্ড (১৭ কোটি ৫০ লাখ ডলার) অর্থায়নের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

এ তহবিলে সরকারি অনুদানের পাশাপাশি বেসরকারি খাতের যৌথ বিনিয়োগ যুক্ত রয়েছে। প্রায় ৬ কোটি ৫০ লাখ পাউন্ড (৮ কোটি ৮০ লাখ ডলার) অর্থসহায়তা দেয়া হচ্ছে সরকারি খাত থেকে। খবর দ্য গার্ডিয়ান।

ঘোষিত সহায়তার মধ্যে সরকারি তহবিল থেকে প্রায় ৫ কোটি পাউন্ড (৬ কোটি ৭৪ লাখ ডলার) পাবেন গাড়ি প্রস্তুতকারক ও গবেষকরা। নতুন জিরো-এমিশন প্রযুক্তি উদ্ভাবন এবং তা বাণিজ্যিকভাবে ব্যবহারে এ অর্থসহায়তা কাজে লাগানো হবে।

বাকি ১ কোটি ৭০ লাখ পাউন্ড (২ কোটি ৩০ লাখ ডলার) ব্যয় করা হবে সংযুক্ত ও স্বয়ংক্রিয় চালনাসংক্রান্ত নয়টি বিশেষ প্রকল্পে। এসব প্রকল্পে অত্যাধুনিক সেন্সর, ব্রেক-বাই-ওয়্যার সিস্টেম ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত সিমুলেশন প্রযুক্তির উন্নয়ন ঘটানো হবে।

যুক্তরাজ্যের শিল্পমন্ত্রী ব্লেয়ার ম্যাকডুগাল বলেন, ‘আধুনিক মোটর শিল্পের সূচনা হয়েছিল ব্রিটেনে। দেশটির সরকার চায় পরবর্তী প্রজন্মের এসব পরিবেশবান্ধব গাড়িও যেন যুক্তরাজ্যের মাটিতেই ডিজাইন ও তৈরি করা হয়।’

গ্রিন ট্রানজিশন বা পরিবেশবান্ধব রূপান্তরের লক্ষ্য অর্জনে কঠোর কৌশল নিয়েছে দেশটি। পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের পর থেকে যুক্তরাজ্যে কেবল পেট্রল বা ডিজেলচালিত নতুন গাড়ির বিক্রি পুরোপুরি বন্ধ করে দেয়া হবে। এরপর ২০৩৫ সালের মধ্যে বাজারে আসা সব নতুন গাড়িকেই শতভাগ শূন্য নিঃসরণ বা পরিবেশবান্ধব হতে হবে।

আরও