প্রথমার্ধে এপেক্স ফুটওয়্যারের আয় বেড়েছে ১০০ কোটির বেশি

তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আয় বেড়েছে ১১৪ কোটি ১২ লাখ টাকা।

তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আয় বেড়েছে ১১৪ কোটি ১২ লাখ টাকা। আয় বেড়ে যাওয়ায় আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফাও ৩০ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে এপেক্স ফুটওয়্যারের আয় হয়েছে ৯৪৩ কোটি ১৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮২৯ কোটি ৬ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭ কোটি ৮৫ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ কোটি ৩ লাখ টাকা।

প্রথমার্ধে এপেক্স ফুটওয়্যারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫১ টাকা ৩৪ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে এপেক্স ফুটওয়্যারের ইপিএস হয়েছে ৮ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ২২ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩৬ টাকা ৬৮ পয়সায়।

১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যারের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১৯ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬৬৩ কোটি ৯৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৪৬।

আরও