রাশিয়ার সবচেয়ে বড় শস্য উৎপাদনকারী অঞ্চল রোস্তভে তাপপ্রবাহ ও অনাবৃষ্টির কারণে শস্য উৎপাদন কমে যাবে বলে আশঙ্কা করছে স্থানীয় শস্য লবিং গ্রুপের প্রধান। এরই মধ্যে অঞ্চলটির কৃষিক্ষেত্রে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ।
বসন্তকালে হঠাৎ করে তুষারপাত হওয়ায় রোস্তভের গভর্নর ইউরি স্ল্যুসার কৃষিক্ষেত্রে জরুরি অবস্থা জারি করেন। স্থানীয় কর্তৃপক্ষকে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের নির্দেশ দিয়েছেন। এ ঘোষণা অনুযায়ী কৃষকরা ক্ষতিপূরণ চাইতে পারবেন। খারাপ আবহাওয়ার কারণে কৃষকদের বীমা দাবির পরিমাণ ২০২৪ সালে ৭৬ শতাংশ বেড়েছে।
স্থানীয় ভেদোমোস্তি পত্রিকাকে রাশিয়ান গ্রেইন ইউনিয়ন লবির স্থানীয় শাখার প্রধান আনাতোলি কলচিক জানিয়েছেন, শুধু ঠাণ্ডাই না বৃষ্টির অভাবেও ফলন আরো কমবে। শীতকালীন ফসল নয়, বসন্তকালীন ফসলও ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো যথেষ্ট শক্তি সঞ্চয় করার সময় পাবে না।"শুধু মাটির ওপরের স্তরে কিছুটা আর্দ্রতা আছে।
সোভেকন কনসালট্যান্সির আন্দ্রে সিজোভও রোস্তভের ফসলের জন্য বৃষ্টির অভাবকে সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সম্প্রতি কিছুটা বৃষ্টি হয়েছে। এতে পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে, তবে তা যথেষ্ট নয়। সম্ভাব্য ফলন গড়ের চেয়েও কম হবে।
এপ্রিল ও মে মাসে তুষারপাতের পর রাশিয়ার তৃতীয় শস্য উৎপাদনকারী অঞ্চল রোস্তভ কৃষিক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করল। এর আগে ভোরোনেজ ও বেলগোরোডও জরুরি অবস্থা ঘোষণা করেছিল।
গত বছরও রোস্তভে বসন্তের ঠাণ্ডা ও খরার কারণে শস্য উৎপাদন ২২ শতাংশ কমে গিয়েছিল। যার মধ্যে গমের ফলন ৩৮ শতাংশ কমে যায়। ২০২৪ সালে গোটা রাশিয়ার শস্য উৎপাদন প্রায় ১৪ শতাংশ কমেছে। রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় গম রফতানিকারক দেশ।
চলতি বছরের ফেব্রুয়ারিতে রোস্তভ কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা এবার ১ কোটি ৩৭ লাখ টন শস্য ঘরে তোলার আশা করছে, যা ২০২৪ সালের চেয়ে ২০ শতাংশ বেশি।