রাশিয়ায় ২০২৬ সালে জ্বালানি তেল উত্তোলন বেড়ে ৫২ কোটি ৫০ লাখ টনে পৌঁছতে পারে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স। খবর ক্রুড অয়েল প্রাইস টুডে।
নোভাক আরো জানান, রাশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ২০২৫ সালে আগের বছরের ৫১ কোটি ৬০ লাখ টনে স্থিতিশীল থাকবে। এছাড়া চলতি বছরের মোট উত্তোলন দৈনিক প্রায় ১ কোটি ৩ লাখ ৬০ হাজার ব্যারেলের সমান হবে। এটি ২০৩৬ সালে বেড়ে দৈনিক প্রায় ১ কোটি ৫ লাখ ৪০ হাজার ব্যারেলে উন্নীত হবে।
রাশিয়ার উপপ্রধানমন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, রাশিয়ায় ২০২৬ সালে জ্বালানি তেল উত্তোলন বাড়বে চলতি বছরের তুলনায় প্রায় ২ শতাংশ। আগামী পাঁচ বছরে উত্তোলন ৫৪ কোটি টনে পৌঁছতে পারে। তবে এ লক্ষ্য অর্জনে খাতটিতে নতুন বিনিয়োগ প্রয়োজন হতে পারে।
নোভাক জানান, রাশিয়া ধীরে ধীরে জ্বালানি তেলের মজুদও বাড়াচ্ছে। তবে এসব মজুদ কাজে লাগাতে অতিরিক্ত ব্যয় ও উল্লেখযোগ্য বিনিয়োগ প্রয়োজন। এ কারণে জ্বালানি তেল খাতে বিনিয়োগপ্রবাহ বাড়াতে অনুকূল পরিবেশ তৈরির উদ্যোগ অব্যাহত থাকবে।
এদিকে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার প্রসঙ্গে নোভাক জানান, বর্তমানে বৈশ্বিক সরবরাহ ও চাহিদা ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে।