পর্যাপ্ত সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যনীতির অনিশ্চয়তার প্রভাবে আন্তর্জাতিক বাজারে কমেছে রোবাস্তা কফির দাম। সাপ্তাহিক বেচাকেনা শুরুর দিন সোমবার লন্ডনের ফিউচার মার্কেটে পণ্যটির দাম ২ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়ায় টনপ্রতি ৩ হাজার ২৫৫ ডলারে।
বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্রাজিল ও ইন্দোনেশিয়া থেকে নতুন ফসল বাজারে আসায় সরবরাহ বাড়ছে। পাশাপাশি ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ব্রাজিলের কফির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে কিনা তা নিয়ে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মোট কফি আমদানির এক-তৃতীয়াংশই আসে ব্রাজিল থেকে। প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে বিশ্বের সবচেয়ে বড় কফিভোক্তা দেশ যুক্তরাষ্ট্রের বাজারে ব্রাজিলীয় কফির সরবরাহ কার্যত বন্ধ হয়ে যেতে পারে।
অন্যদিকে সোমবার অ্যারাবিকা কফির দাম কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ। প্রতি পাউন্ডের মূল্য স্থির হয়েছে প্রায় ৩ ডলারে।