বাড়তি খরচ নিয়ে সতর্ক ফোর্ড ও ম্যাটেল

শুল্কনীতির কারণে উৎপাদন ও আমদানি ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অটো জায়ান্ট ফোর্ড ও খেলনা প্রস্তুতকারক ম্যাটেল।

শুল্কনীতির কারণে উৎপাদন ও আমদানি ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অটো জায়ান্ট ফোর্ড ও খেলনা প্রস্তুতকারক ম্যাটেল। এতে পণ্যের দাম বাড়ার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে চাপের আশঙ্কা তৈরি হয়েছে বলে উল্লেখ করেছে কোম্পানি দুটি। খবর বিবিসি।

বার্বি ডল ও হট হুইলসের মতো খেলনা প্রস্তুতকারক ম্যাটেল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে কিছু খেলনার দাম বাড়াতে হবে। পাশাপাশি তারা চীনে তৈরি পণ্যের ওপর নির্ভরতা কমাতে যাচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া পণ্যের প্রায় ২০ শতাংশ চীন থেকে আমদানি করে, যা আগামী বছরের মধ্যে ১৫ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে ফোর্ড জানিয়েছে, শুল্কের কারণে তাদের বছরে অতিরিক্ত ২৫০ কোটি ডলার ব্যয় হবে। মেক্সিকো ও চীন থেকে আমদানি করা যন্ত্রাংশের জন্যই মূলত এ খরচ বাড়ছে। তবে প্রতিষ্ঠানটি বলেছে, তারা পরিবহন পদ্ধতিতে পরিবর্তন এনে প্রায় ১০০ কোটি ডলার খরচ কমিয়েছে। যেমন শুল্ক এড়ানোর জন্য বর্তমানে মেক্সিকো থেকে গাড়ি কানাডার মাধ্যমে যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে।

ম্যাটেল জানিয়েছে, বর্তমান অর্থনৈতিক অস্থিরতা ও শুল্কনীতির পরিবর্তনের কারণে মার্কিন গ্রাহকদের কেনাকাটার প্রবণতা সম্পর্কিত পূর্বাভাস দেয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে উৎসব মৌসুমে তা আরো কঠিন পরিস্থিতি তৈরি করেছে।

চীনা পণ্যের ওপর ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। আগের শুল্কসহ এতে কিছু পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়াবে ২৪৫ শতাংশ। এর জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক বসিয়েছে চীন।

চীন ছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে পণ্য আমদানি করে ম্যাটেল, যার মধ্যে রয়েছে বার্বি ডল ও হট হুইলস গাড়ি।

এরই মধ্যে ইন্টেল, অ্যাডিডাস, স্কেচার্স ও প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের মতো অনেক প্রতিষ্ঠান পণ্যের দাম বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে। ফোর্ড ও ম্যাটেল উভয়ই অনিশ্চয়তার কারণে তাদের বার্ষিক আয়ের পূর্বাভাস স্থগিত রেখেছে। বিশ্লেষকরা বলছেন, চলমান শুল্ক পরিস্থিতি অর্থনীতিতে মন্দা তৈরি করতে পারে।

আরও