রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জ্বালানি তেল বিক্রির পরিমাণ কমলেও আয় ও মুনাফা বেড়েছে। আলোচ্য হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির জ্বালানি তেল বিক্রি হয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৫৬৯ টন, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৬ লাখ ৪৩ হাজার ১৮৮ টন। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৭৬ কোটি ২৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৭০ কোটি ৩৫ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২৪ কোটি ৪৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৯০ কোটি ৭৮ লাখ টাকা।
এদিকে সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে পদ্মা অয়েলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৫ টাকা ৫৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৩ টাকা ৪৬ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ২৩১ টাকা ৫৬ পয়সা।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৭ ডিসেম্বর বেলা ৩টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর।চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ টাকা ৬৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ টাকা ২৪ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৪৪ টাকা ২৩ পয়সা।
২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৫ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে ছিল ২৪ টাকা ৪৭ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০৩ টাকা ৪৬ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ১৮০ টাকা ৩৮ পয়সা।
২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৪ টাকা ৪৭ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ২৩ টাকা ২৭ পয়সায়। ওই বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৮০ টাকা ৩৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬৮ টাকা ৪১ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে পদ্মা অয়েল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৩ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৭ টাকা ৭৯ পয়সা।
২০১৯-২০ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল পদ্মা অয়েল। ২০১৮-১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
১৯৭৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৯০০ কোটি ৪৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৭৫০। এর মধ্যে সরকারের কাছে ৫০ দশমিক ৩৫ শতাংশ, উদ্যোক্তা পরিচালকদের কাছে ২ দশমিক শূন্য ৬, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩২ দশমিক ১১, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৭৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৪ দশমিক ৭২ শতাংশ শেয়ার রয়েছে।