সাউথইস্ট ইউনিভার্সিটি ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়ায় অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটির ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

সাউথইস্ট ইউনিভার্সির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ও ওয়াশিংটন ইউনিভার্সিটির পক্ষে চেয়ারম্যান ও চ্যান্সেলর আবু বকর হানিফ এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন ডব্লিউইউএসটির প্রেসিডেন্ট ড. হাসান কারাবুক।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, এই সমঝোতা স্মারক আমাদের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নতুন সুযোগ তৈরি করবে। গবেষণা ও একাডেমিক কার্যক্রমে আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতা বাড়বে। তিনি আশা প্রকাশ করেন, দুই বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন আনবে।

ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. হাসান কারাবুক বলেন, বৈশ্বিক শিক্ষার উন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রমে একসঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। এই অংশীদারিত্ব বিশ্বব্যাপী জ্ঞান বিনিময়ে ইতিবাচক ভূমিকা রাখবে।

চুক্তির আওতায় শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা, একাডেমিক কর্মশালা এবং প্রযুক্তি ও উদ্ভাবন সংক্রান্ত কার্যক্রমে সহযোগিতা করার কথা রয়েছে। উভয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা মনে করছেন, এই অংশীদারিত্ব দুই দেশের উচ্চশিক্ষা খাতে সংযোগ ও সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

—বিজ্ঞপ্তি

আরও