চট্টগ্রাম বন্দর

ভারত থেকে পৌঁছল আরো ১০ হাজার ৮৫০ টন চাল

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে আরো ১০ হাজার ৮৫০ টন সেদ্ধ চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে আরো ১০ হাজার ৮৫০ টন সেদ্ধ চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। গতকাল খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইমদাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘এমভি এইচটি ইউনাইট’ নামের একটি জাহাজ এ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-৮) অংশ হিসেবে আমদানি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সরকার উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে মোট পাঁচ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় এরই মধ্যে নয়টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী মোট ৩ লাখ ৬ হাজার ৭৬৯ টন চাল দেশে এসে পৌঁছেছে।

বন্দরে আসা নতুন এ চালানের নমুনা এরই মধ্যে সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। খুব দ্রুত জাহাজ থেকে চাল খালাসের কার্যক্রম শুরু হবে এবং এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা উল্লেখ করেন।

এর আগে গত ২৭ মার্চ ৯ হাজার টন, ২৪ মার্চ ১১ হাজার টন, ১৭ মার্চ ২২ হাজার টন, ৫ মার্চ ১১ হাজার টন চাল আমদানি করা হয়েছে। সব মিলিয়ে চলতি মাসেই ভারত থেকে ৫৩ হাজার টন চাল আমদানি করেছে সরকার।

আরও