সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত

এক কার্গো এলএনজি ও ১ লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে স্থানীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এবং সৌদি আরব, মরক্কো ও রাশিয়া থেকে ১ লাখ ৩০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে স্থানীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এবং সৌদি আরব, মরক্কো ও রাশিয়া থেকে ১ লাখ ৩০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৬৩৪ কোটি ৩২ লাখ টাকা। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৬৯২ কোটি ৯৯ লাখ ১৯ হাজার ৩৬০ টাকা।

অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় আরো কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কাফকোর কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১২৩ কোটি ৫৭ লাখ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৪৩ ডলার ২৫ সেন্ট। একই মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১২৫ কোটি ৮৮ লাখ ১২ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৪৯ ডলার ৬৭ সেন্ট।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার প্রডিনটর্গ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১০৪ কোটি ৩১ লাখ টাকা। প্রতি টন সারের দাম নির্ধারণ করা হয়েছে ৪৮৯ ডলার ৭৫ সেন্ট।

একই মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২৮০ কোটি ৫৬ লাখ টাকা। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৫৮৪ ডলার ৫০ সেন্ট।

সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পসকো ইন্টারন্যাশনাল করপোরেশনের কাছ থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৯২ কোটি ৯৯ লাখ ১৯ হাজার ৩৬০ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৪ ডলার ৬৯ সেন্ট।

এছাড়া গতকালের সভায় স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-দ্বিতীয় পর্যায় (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ২২টি প্যাকেজের অধীনে ২২টি পার্টনারশিপ এলাকায় প্রকল্পের বর্ধিত ১২ মাসের জন্য (১ জুলাই ২০২৪ থেকে ৪০ জুন ২০২৫) স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে নিয়োজিত এনজিওগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তির দ্বিতীয় ভ্যারিয়েশন প্রস্তাব উপস্থাপন করা হয়। কমিটি এর মধ্যে ১০, ১২ ও ১৯ নম্বর প্যাকেজ বাদে অবশিষ্ট ১৯টি প্যাকেজ অনুমোদন করেছে। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো পার্টনারশিপ এলাকার ১০টি এনজিও।

আরও