ইউএসডিএর প্রতিবেদন

বিশ্বব্যাপী তুলা উৎপাদন ও মজুদ বৃদ্ধির পূর্বাভাস

বিশ্বব্যাপী ২০২৫-২৬ বিপণন বর্ষে (অক্টোবর-সেপ্টেম্বর) তুলা উৎপাদন ও ব্যবহার বাড়ার পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)।

বিশ্বব্যাপী ২০২৫-২৬ বিপণন বর্ষে (অক্টোবর-সেপ্টেম্বর) তুলা উৎপাদন ও ব্যবহার বাড়ার পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। ওয়ার্ল্ড এগ্রিকালচারাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এস্টিমেট (ডব্লিউএএসডিই) প্রতিবেদনের নভেম্বর সংস্করণে সংস্থাটি জানিয়েছে, এ সময় বিশ্বব্যাপী কৃষিপণ্যটির মোট উৎপাদন দাঁড়াতে পারে ১২ কোটি ৮০ হাজার বেলে (প্রতি বেলে ৪৮০ পাউন্ড বা ২১৭ দশমিক ৭ কেজি)। এটি এর আগে দেয়া পূর্বাভাসের তুলনায় ২৪ লাখ বেল বেশি। খবর ফাইবার টু ফ্যাশন।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, চীন, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মতো প্রধান উৎপাদনকারী দেশগুলোয় তুলা উৎপাদনের জন্য কৃষিজমি সম্প্রসারণ করা হয়েছে। পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ার কারণে দেশগুলোয় কৃষিপণ্যটির উৎপাদন বাড়তে পারে।

ইউএসডিএর প্রতিবেদন অনুযায়ী, চীনে ২০২৫-২৬ বিপণন বর্ষে তুলা উৎপাদন বাড়তে পারে ১০ লাখ বেল। এ সময় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে বাড়তে পারে যথাক্রমে নয় লাখ ও পাঁচ লাখ বেল।

মার্কিন কৃষি বিভাগ আরো জানায় চলতি বিপণন বর্ষে বিশ্বব্যাপী তুলার মোট ব্যবহার ৫০ হাজার বেল বেড়ে ১১ কোটি ৮৮ লাখ ৮০ হাজার বেলে পৌঁছতে পারে।

খাতসংশ্লিষ্টরা জানান, বিভিন্ন দেশের টেক্সটাইল শিল্পের শক্তিশালী প্রবৃদ্ধি বিশ্বব্যাপী তুলার ব্যবহার বাড়ার পেছনে ভূমিকা রাখবে। এছাড়া বাংলাদেশ, ভিয়েতনাম ও তুরস্কে সামনের দিনগুলোয় কৃষিপণ্যটির চাহিদা আরো বাড়তে পারে।

চলতি বিপণন বর্ষে তুলার বৈশ্বিক প্রারম্ভিক মজুদের পরিমাণ ইউএসডিএর প্রতিবেদনে প্রাক্কলন করা হয়েছে ৭ কোটি ৪৪ লাখ ৯০ হাজার বেল।

এছাড়া ২০২৫-২৬ মৌসুমে বিশ্বব্যাপী তুলার সমাপনী মজুদ বেড়ে ৭ কোটি ৫৯ লাখ বেল হতে পারে। এটি আগে দেয়া পূর্বাভাসের তুলনায় ২৮ লাখ বেল বেশি।

ইউএসডিএর হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী ২০২৫-২৬ বিপণন বর্ষে বিশ্বব্যাপী তুলার আমদানি-রফতানি পৌঁছতে পারে ৪ কোটি ৪০ লাখ বেলে। এটি এর আগের পূর্বাভাসের তুলনায় তিন লাখ বেল বেশি।

‌ইউএসডিএ জানায়, যুক্তরাষ্ট্রে ২০২৫-২৬ বিপণন বর্ষে তুলা উৎপাদন প্রায় নয় লাখ বেল বেড়ে ১ কোটি ৪১ লাখ বেলে দাঁড়াতে পারে। এছাড়া এ সময় দেশটি থেকে সম্ভাব্য রফতানির পূর্বাভাস দেয়া হয়েছে ১ কোটি ২২ লাখ বেল।

বিশ্বে তুলা রফতানিতে অন্যতম শীর্ষ দেশ ব্রাজিল। দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি উল্লেখযোগ্য হারে বাড়ছে। দেশটির সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ অন অ্যাপ্লায়েড ইকোনমিকস (সিইপিইএ) জানিয়েছে, ব্রাজিল চলতি বছরের শুরু থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত মোট ২৩ লাখ ২৬ হাজার টন তুলা রফতানি করেছে।

সংস্থাটি আরো জানায়, শক্তিশালী প্রক্রিয়াকরণ, অভ্যন্তরীণ অতিরিক্ত সরবরাহ প্রবাহ এবং স্থানীয় বাজারের তুলনায় আকর্ষণীয় রফতানি দাম ব্রাজিলের মোট রফতানি বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে।

আরও