যুক্তরাষ্ট্র থেকে স্পেনের এলএনজি আমদানি বেড়েছে

স্পেনে চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ৩৫ শতাংশই এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

স্পেনে চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ৩৫ শতাংশই এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এটি গত বছরের একই সময়ের ২০ শতাংশের তুলনায় কিছুটা বেশি। একই সময় রাশিয়া থেকে দেশটির এলএনজি আমদানি কমেছে। শুক্রবার স্পেনের গ্যাস গ্রিড অপারেটর এনাগাস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ইউরোপে পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য কমে যায়। এরপর থেকেই ইউরোপ যুক্তরাষ্ট্রের এলএনজির ওপর আরো বেশি নির্ভরশীল হয়ে পড়ছে।

এনাগাসের দেয়া তথ্যানুযায়ী, জানুয়ারি-এপ্রিল পর্যন্ত স্পেন যুক্তরাষ্ট্র থেকে ঘণ্টায় ৪৫ হাজার ৯৩২ গিগাওয়াট গ্যাস আমদানি করেছে। গত বছরের একই সময় এ পরিমাণ ছিল ঘণ্টায় ২৪ হাজার ৮৮৫ গিগাওয়াট।

যুক্তরাষ্ট্র বর্তমানে স্পেনের প্রধান প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী হয়ে উঠেছে। এর আগে স্পেনে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস সরবরাহ করত আলজেরিয়া। দেশটি তরল গ্যাসের পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে সরাসরি সরবরাহ করত।

এনাগাস আরো জানায়, স্পেনের সামগ্রিক গ্যাস চাহিদা চলতি বছরের প্রথম চার মাসে ৩ শতাংশ কমেছে।

আরও