পশ্চিম অস্ট্রেলিয়ায় চলতি মৌসুমে রেকর্ড শস্য উৎপাদন হতে পারে। মাসভিত্তিক প্রতিবেদনে দ্য গ্রেইন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া (জিআইডব্লিউএ) জানিয়েছে, ২০২৫-২৬ মৌসুমে অঞ্চলটিতে মোট গম উৎপাদন হতে পারে ১ কোটি ৩১ লাখ টন। এটি আগে দেয়া পূর্বাভাসের তুলনায় ৪ লাখ ২০ হাজার টন বেশি। এছাড়া অস্ট্রেলিয়াজুড়ে চলতি মৌসুমে মোট গম উৎপাদন ৩ কোটি ৫৭ লাখ টনে পৌঁছার পূর্বাভাস রয়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স।
জিআইডব্লিউএ আরো জানায়, পশ্চিম অস্ট্রেলিয়ায় চলতি মৌসুমে যব উৎপাদন আগে দেয়া পূর্বাভাসের তুলনায় ২০ লাখ টন বাড়তে পারে। এ সময় শস্যটির মোট উৎপাদন দাঁড়াতে পারে ৭৫ লাখ টনে। এছাড়া ক্যানোলা উৎপাদন আগে দেয়া পূর্বাভাসের তুলনায় ৪ লাখ ৮০ হাজার টন বেড়ে ৪৩ লাখ টন হতে পারে।
খাতসংশ্লিষ্টরা জানান, এটি অস্ট্রেলিয়ার শীর্ষ শস্য রফতানিকারক অঞ্চল হওয়ায় বৈশ্বিক সরবরাহে বড় প্রভাব পড়তে পারে। সামনের দিনগুলোয় আরো কমে আসতে পারে খাদ্যশস্যের দাম।
জিআইডব্লিউএর প্রতিবেদন অনুযায়ী জমি থেকে ফসল সংগ্রহের প্রাথমিক তথ্য ইঙ্গিত দিচ্ছে, পশ্চিম অস্ট্রেলিয়ার অনেক অঞ্চলে শস্যের ফলন প্রত্যাশার তুলনায় বেড়েছে। কম আর্দ্রতাসম্পন্ন এলাকাগুলোয়ও সাম্প্রতিক বছরের গড় উৎপাদন অর্জনের সম্ভাবনা রয়েছে।