ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ক্যান্সারের ওষুধ উৎপাদন সক্ষমতা বাড়াতে ২৫০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে। কোম্পানিটির অনকোলজি (ক্যান্সার চিকিৎসার ওষুধ) প্রডাকশন ফ্যাসিলিটি-২-এ এ বিনিয়োগ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, প্রস্তাবিত বিনিয়োগের মাধ্যমে প্রকল্পটি সম্পন্ন হলে তাদের বার্ষিক উৎপাদন সক্ষমতা বাড়বে। এর আওতায় বছরে অতিরিক্ত ৩৭ কোটি ৯৭ লাখ ট্যাবলেট, ২১ কোটি ১০ লাখ ক্যাপসুল, ২ কোটি ৫৩ লাখ ব্লিস্টার এবং দুই কোটি ভায়াল ইনজেকটেবল উৎপাদন করা সম্ভব হবে। কোম্পানিটি আশা করছে, এ বিনিয়োগ তাদের আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সক্ষমতা আরো জোরদার করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বীকন ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৮৩ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বীকন ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ৪ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ৮৬ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ২০ শতাংশ পেয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা ও ১০ শতাংশ উদ্যোক্তা পরিচালকরা। আলোচ্য হিসাব বছরে বীকন ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ২ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬ টাকা ৩৭ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বীকন ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ২ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৫ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৭২ পয়সায়।
২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বীকন ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ৪ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭৪ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৩ পয়সায়।