ব্রাজিল থেকে নভেম্বরে সয়াবিন রফতানি বেড়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, এ সময় ব্রাজিল থেকে তেলবীজটি রফতানির পরিমাণ ছিল ৪২ লাখ টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬৪ শতাংশ বেশি। খবর রয়টার্স।
সাধারণত বছরের শেষ দিকে ব্রাজিলের সয়াবিন রফতানি কমতে থাকে। কারণ নতুন মৌসুমের ফসল জানুয়ারির শেষ ভাগ বা ফেব্রুয়ারির শুরুতে বাজারে আসে। তবে চলতি বছরের শেষে দেকে এসেও তা ঊর্ধ্বমুখী রয়েছে বলে জানিয়েছে শস্য রফতানিকারক কোম্পানিগুলোর সংগঠন অ্যানেক। সংগঠনটি জানিয়েছে, ডিসেম্বরে ব্রাজিলের সয়াবিন রফতানি প্রায় ৯০ শতাংশ বেড়ে ২৮ লাখ টনে পৌঁছতে পারে। এছাড়া ২০২৫ সালে ব্রাজিলের মোট সয়াবিন রফতানি দাঁড়াতে পারে ১১ কোটি টনে। এটি ২০২৪ সালের ৯ কোটি ৭৩ লাখ টনের তুলনায় উল্লেখযোগ্য বেশি।
এদিকে চীন এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বেশ কয়েক জাহাজভর্তি সয়াবিন কিনেছে। ডিসেম্বরেই এসব চালানের জাহাজীকরণ হওয়ার কথা।
সয়াবিনে উল্লম্ফন দেখা গেলেও ব্রাজিল থেকে চলতি বছর কমতে পারে ভুট্টা রফতানি। অ্যানেকের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছর দেশটি থেকে খাদ্যশস্যটি রফতানির মোট পরিমাণ হতে পারে ৪ কোটি ১০ লাখ টন। এটি এর আগে দেয়া পূর্বাভাসের তুলনায় ১০ লাখ টন কম।