চিকিৎসকদের পেশাগত পরিচয়ের বাইরের প্রতিভা, ব্যক্তিত্ব ও সৃজনশীলতা তুলে ধরতে আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে আগামীকাল অনুষ্ঠিত হবে। ঢাকার লা মেরিডিয়ান হোটেলে বিকাল ৪টায় অনুষ্ঠেয় এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার। প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকবেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম, বিতার্কিক ও টেলিভিশন উপস্থাপক ডা. আব্দুন নূর তুষার, চিকিৎসক ও অভিনেতা ডা. এজাজুল ইসলাম এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
২০২৫ সালে শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতার লক্ষ্য চিকিৎসকদের নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতার বিকাশে উৎসাহ দেয়া এবং তাদের পেশাগত কাজের বাইরের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করা।
আয়োজকরা জানান, গ্র্যান্ড ফিনালেতে প্রতিযোগীদের চূড়ান্ত মূল্যায়নের পর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতা শেষে নির্বাচিত সেরা ১০ জনের মধ্য থেকে বিজয়ী নির্বাচন করা হবে। পাশাপাশি অন্য প্রতিযোগীদের অর্জন ও স্বীকৃতিও তুলে ধরা হবে। ‘মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫’-এর অফিশিয়াল কো-অর্ডিনেটর ছিলেন ডা. শেখ সোহা। আয়োজনটির মূল উদ্যোক্তা দ্য রেস্ট্রেইনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. হাসান মাহমুদ।