দক্ষিণ কোরিয়ার বাজারে এসইউভি ইএক্স৩০ মডেলের নতুন বিদ্যুচ্চালিত গাড়ি এনেছে সুইডিশ কোম্পানি ভলভো। এর মাধ্যমে ওয়াগন ধাঁচের ক্রস কান্ট্রি সিরিজ ইভি বাজারে উন্মোচন করল ভলভো। এতদিন হাইব্রিড ধাঁচের ভি৬০ ও ভি৯০ ওয়াগন মডেলে সীমিত ছিল ক্রস কান্ট্রি লাইন। পাঁচ আসনের ইএক্স৩০ সম্প্রতি কোরিয়ায় টেস্ট ড্রাইভে অংশ নেয়। এতে গাড়িটির অন্যতম আকর্ষণ দ্রুত গতি বাড়ানোর সক্ষমতা প্রমাণ হয়েছে। ৬৬ কিলোওয়াট-ঘণ্টার ব্যাটারি ও ডুয়াল মোটর অল-হুইল ড্রাইভ প্রযুক্তির সমন্বয়ে গাড়িটি শূন্য থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছায় মাত্র ৩ দশমিক ৭ সেকেন্ডে, যা পোরশে টাইকান জিটিএস বা বিএমডব্লিউ আই৪ এম৬০ ইএক্সড্রাইভের মতো বিলাসবহুল স্পোর্টস কারের সমতুল্য। চালকের চোখে নিদ্রাভাব বা অসতর্কতা শনাক্ত করতে ড্রাইভার মনিটরিং সেন্সর রাখা হয়েছে মডেলটিতে। এতে ইকো, স্ট্যান্ডার্ড ও পারফরম্যান্স এ তিন ধরনের ড্রাইভিং মোড আছে। দৈনন্দিন ব্যবহারে স্ট্যান্ডার্ড মোড উপযোগী হলেও পারফরম্যান্স মোড দেয় গতিশীল ড্রাইভিং অভিজ্ঞতা। ইএক্স৩০-এর অভ্যন্তরীণ নকশায় স্ক্যান্ডিনেভিয়ান সরলতা ফুটে উঠেছে। সামনের আসনের পরিবর্তে মডেলটিতে গ্লাভ বক্স সরানো হয়েছে কেন্দ্রীয় ডিসপ্লের নিচে, যাতে সামনের আসনের যাত্রী আরো বেশি জায়গা পান। তবে ১২ দশমিক ৩ ইঞ্চির টাচস্ক্রিনেই সব ফিচার নিয়ন্ত্রণ বোতাম টিপে কমান্ডে অভ্যস্তদের জন্য মানিয়ে নিতে সময় লাগতে পারে। কোরিয়ার বাজারে ইএক্স৩০ ক্রস কান্ট্রির কর-পরবর্তী দাম ধরা হয়েছে ৫ কোটি ৫১ লাখ ৬০ হাজার ওন বা প্রায় ৩৯ হাজার ৬১০ ডলার। যুক্তরাজ্য, জার্মানি ও সুইডেনের তুলনায় এটি প্রায় ৩ কোটি ৫০ লাখ ওন সাশ্রয়ী। এছাড়া স্থানীয় প্রতিদ্বন্দ্বী মডেল যেমন জেনেসিস জিভি৬০, হুন্দাই আয়নিক ৬, কিয়া ইভি৬ বা রেনোঁ সিনিক টেকনোর তুলনায়ও প্রতিযোগিতামূলক দামে বাজারে ছাড়া হয়েছে ইএক্স৩০ ক্রস কান্ট্রি। খবর দ্য কোরিয়া হেরাল্ড