কারণ ছাড়াই বাড়ছে চার কোম্পানির শেয়ারদর

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, ই-জেনারেশন লিমিটেড, দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে।

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, ই-জেনারেশন লিমিটেড, দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে। এ দরবৃদ্ধির পেছনে কোনো ধরনের অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল পৃথকভাবে কোম্পানিগুলো এ তথ্য জানিয়েছে।

প্রগতি লাইফ: ডিএসইতে গত ১১ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ১২৪ টাকা ৬০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৯৫ টাকা ৪০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৫৬ দশমিক ৮২ শতাংশ।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) জীবন বীমা দাবিসহ মোট আয়ের তুলনায় ব্যয় কম হওয়ায় প্রগতি লাইফের ২২ কোটি ৭৫ লাখ টাকা উদ্বৃত্ত রয়েছে, আগের হিসাব বছরে যা ছিল ৬ কোটি ৯৫ লাখ টাকা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৬৯৭ কোটি ৬৩ লাখ টাকায়, গত বছরের একই সময়ে যা ছিল ৬৩৫ কোটি ৩২ লাখ টাকা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রগতি লাইফ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ।

ই-জেনারেশন: ডিএসইতে গত ১২ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ২০ টাকা ৪০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৩০ টাকা ৩০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৪৮ দশমিক ৫৩ শতাংশ।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ই-জেনারেশনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ২১ পয়সায়।

দুলামিয়া কটন: ডিএসইতে গত ১৩ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৯৪ টাকা ৩০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৩২ টাকা ৮০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৪০ দশমিক ৮২ শতাংশ।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) দুলামিয়া কটনের শেয়ারপ্রতি আয় হয়েছে ২৪ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৩০ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৬ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩৯ টাকা ৮৪ পয়সায়।

মিরাকল ইন্ডাস্ট্রিজ: ডিএসইতে গত ২৪ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ২৭ টাকা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৫ দশমিক ৫৬ শতাংশ।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৮ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৮ পয়সায়।

আরও