রয়টার্সের জরিপ

তৃতীয় প্রান্তিকে ব্যাপক হারে কমতে পারে জাপানের প্রবৃদ্ধি

ভোগ ও মূলধন ব্যয় কমে যাওয়ায় জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাপক হারে কমে যেতে পারে।

ভোগ ও মূলধন ব্যয় কমে যাওয়ায় জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাপক হারে কমে যেতে পারে। এতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব জাপানের (বিওজে) সুদহার বাড়ানোর পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারে। সম্প্রতি রয়টার্সের পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।

জরিপে অংশ নেয়া অর্থনীতিবিদদের পূর্বাভাসের গড় অনুসারে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) জাপানের মুদ্রাস্ফীতি সমন্বয়ের পর মোট দেশজ উৎপাদন (জিডিপি) ছিল ২ দশমিক ৯ শতাংশ, তৃতীয় প্রান্তিকে তা ব্যাপক হারে কমে দশমিক ৭ শতাংশে নেমে যেতে পারে।

অর্থনীতির সামগ্রিক আকারে অর্ধেকের বেশি অবদান রাখা বেসরকারি খাতে ব্যয় তৃতীয় প্রান্তিকে তীব্রভাবে কমেছে। অর্থনীতিবিদরা বলছেন, এটি মাত্র দশমিক ২ শতাংশ বেড়ে থাকতে পারে, যা আগের প্রান্তিকে দশমিক ৯ শতাংশ বেড়েছিল। ধারাবাহিকভাবে বাড়তে থাকা পণ্যদ্রব্যের মূল্য মজুরি বৃদ্ধির হারকে ছাড়িয়ে গেছে। জীবনযাত্রার উচ্চ ব্যয় অর্থনীতির জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে।

এসএমবিসি নিক্কো সিকিউরিটিজের বিশ্লেষকরা তাদের প্রতিবেদনে বলছেন, ‘অর্থনৈতিক পুনরুদ্ধারের পথ এখনো অনেক বাকি।’

জরিপে দেখা যায়, মূলধন ব্যয় দশমিক ২ শতাংশ কমে থাকতে পারে। এর আগে দ্বিতীয় প্রান্তিকে দশমিক ৮ শতাংশ বেড়েছিল।

মিজুহো রিসার্চ অ্যান্ড টেকনোলজিসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সাইসুকে সাকাই বলেন, ‘‌বিদেশী অর্থনীতিগুলোয় বিশেষ করে উৎপাদন খাতে ধীরগতির কারণে যন্ত্রপাতির ওপর বিনিয়োগে চাপ পড়েছে।’

তিনি বলেন, ‘‌আগস্টে টাইফুনের কারণে কারখানার উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হয়েছে। একই সময়ে শ্রমিক সংকটের কারণে সরবরাহে ব্যাঘাত ঘটায় মূলধন বিনিয়োগ ও পণ্য সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ব্যয় বাড়ায় মাইক্রোসফট ও মেটার মুনাফা কমে যেতে পারে, এমন খবরে গত বৃহস্পতিবার মার্কিন শেয়ারবাজারে পতন ঘটে।

বিশ্লেষকদের মতে, বিদেশী অর্থনীতিগুলোর নিট চাহিদা জাপানের জিডিপিতে দশমিক ১ শতাংশ পয়েন্ট অবদান রেখেছে, যা এপ্রিল-জুন প্রান্তিকে দশমিক ১ নেগেটিভ পয়েন্টের বিপরীত।

বিওজে গত বৃহস্পতিবার পর্যন্ত অত্যন্ত কম সুদহার বজায় রেখেছে। কিন্তু সংস্থাটি বলেছে, মার্কিন অর্থনীতিতে ঝুঁকি কিছুটা কমছে। পরিস্থিতির উন্নতি হলে আবার সুদহার বাড়ানো হতে পারে। তবে দেশীয় ও বৈশ্বিক চাহিদা দীর্ঘমেয়াদি স্থবির থাকায় সুদহার বাড়ানোর পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে।

বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, জাপানের পরিবারগুলোর খরচ সেপ্টেম্বরে বছরে ২ দশমিক ১ শতাংশ কমতে পারে, যা আগস্টে ১ দশমিক ৯ শতাংশ হারে কমে গিয়েছিল।

আরও