অস্ট্রেলিয়া থেকে চীনের কয়লা আমদানি নভেম্বরে বেড়েছে। চার বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে পণ্যটির আমদানি। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস। খবর বিজনেস মাইনিং উইকলি।
জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, গত মাসে দেশটির অস্ট্রেলিয়া থেকে কয়লা আমদানির পরিমাণ ছিল ৯৩ লাখ টন। এটি ২০২০ সালের এপ্রিলের পর সর্বোচ্চ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৪৭ শতাংশ বেশি।
এদিকে চলতি বছরের প্রথম ১১ মাসেও (জানুয়ারি-নভেম্বর) অস্ট্রেলিয়া থেকে চীনের কয়লা আমদানি বেড়েছে। এ সময় মোট আমদানির পরিমাণ ছিল ৭ কোটি ৪১ লাখ ৫০ হাজার টন, গত বছরের একই সময়ে যা ছিল ৫ কোটি ২৪ লাখ ৭০ হাজার টন।
উল্লেখ্য, ২০২০ সালে অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী স্কট মরিসনের নেতৃত্বাধীন সরকার কভিড-১৯ মহামারীর উৎপত্তি নিয়ে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান। সে সময় চীন ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। বিষয়টিকে চীন তার প্রতি মহামারী ছড়ানোর অভিযোগ ও দোষারোপের ইঙ্গিত হিসেবে দেখেছিল। এর প্রতিক্রিয়ায় দেশটি অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন পণ্য আমদানিতে অনানুষ্ঠানিক বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে। তবে জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ এবং বিদ্যুৎ উৎপাদন ও ইস্পাত তৈরির জন্য উচ্চ মানের অস্ট্রেলিয়ান কয়লা চীনের আমদানিকারকদের পছন্দের শীর্ষে। পরে চীন এ নিষেধাজ্ঞা শিথিল করে।