এর সাবস্ক্রিপশন পর্বে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। এর আগে মিউচুয়াল ফান্ড রুলসের আওতায় মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ফান্ডটির স্পন্সর হিসেবে রয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ফান্ড ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়া সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ট্রাস্টি ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৫ কোটি টাকা প্রাথমিক লক্ষ্যমাত্রা নিয়ে ফান্ডটি চালু করা হয়। এর মধ্যে স্পন্সর হিসেবে মিডল্যান্ড ব্যাংক আড়াই কোটি টাকা বিনিয়োগ করে এবং অবশিষ্ট অর্থ সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিক সাবস্ক্রিপশন শেষে এখন থেকে বিনিয়োগকারীরা প্রচলিত বিধিবিধান অনুযায়ী বিদ্যমান নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দামে ইউনিট ক্রয় ও সমর্পণ করতে পারবেন।
মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডটি মূলত শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন তালিকাভুক্ত শেয়ার, সরকারি সিকিউরিটিজ, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট এবং অনুমোদিত অন্যান্য আর্থিক সম্পদে বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদি মূলধনি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে পরিচালিত হবে। ফান্ডটি টেকসই প্রবৃদ্ধি, বিনিয়োগের বহুমুখীকরণ এবং ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে গবেষণাভিত্তিক বিনিয়োগ কৌশল অনুসরণ করবে।