ইউআই গ্রিনমেট্রিক র‍্যাংকিং ২০২৬

দেশসেরা পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয় আইইউবিএটি

গত ২৪ সেপ্টেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে আজারবাইজান স্টেট অয়েল অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটির আয়োজনে এক আন্তর্জাতিক অনুষ্ঠানে এ বছরের ফলাফল ঘোষণা করা হয়।

টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মূল্যায়নে বড় সাফল্য পেয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬-এ আইইউবিএটি বাংলাদেশে টানা দ্বিতীয় বারের মতো প্রথম স্থান অর্জন করেছে। আইইউবিএটির এশিয়ায় অবস্থান ১১৩তম এবং বিশ্বে ১৯৭তম।

গত ২৪ সেপ্টেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে আজারবাইজান স্টেট অয়েল অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটির আয়োজনে এক আন্তর্জাতিক অনুষ্ঠানে এ বছরের ফলাফল ঘোষণা করা হয়। র‍্যাংকিংয়ের ১৭তম এ আসরে ১১০টি দেশের ২ হাজার ১৬টি বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এটি ইউআই গ্রিনমেট্রিকের ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে বড় আয়োজন।

ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস ইন্দোনেশিয়া ২০১০ সাল থেকে এ র‍্যাংকিং প্রকাশ করে আসছে। বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে সবুজ ক্যাম্পাস ও টেকসই উন্নয়নের নীতি কতটা বাস্তবায়িত হচ্ছে, তা তুলে ধরাই এর লক্ষ্য। এবারের মূল্যায়নে সাতটি প্রধান ক্ষেত্র বিবেচনা করা হয়েছে— পরিবেশ ও অবকাঠামো, জ্বালানি ও জলবায়ু পরিবর্তন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, পরিবহন, শিক্ষা ও গবেষণা এবং শাসন ব্যবস্থা ও ডিজিটালায়ন।

র‍্যাংকিংয়ে দেশের ভেতরে দ্বিতীয় স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‍্যাংক ২০৪) এবং তৃতীয় স্থানে ব্র্যাক ইউনিভার্সিটি (বিশ্ব র‍্যাংক ৪১২)। চতুর্থ অবস্থানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (বিশ্ব র‍্যাংক ৪৯২), পঞ্চম স্থানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিশ্ব র‍্যাংক ৭১৩), ষষ্ঠ স্থানে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (বিশ্ব র‍্যাংক ১৩৯৪), সপ্তম স্থানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (বিশ্ব র‍্যাংক ১৫৩৩), অষ্টম স্থানে উত্তরা ইউনিভার্সিটি (বিশ্ব র‍্যাংক ১৫৭৮) এবং নবম স্থানে অবস্থান করছে খুলনা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংক ১৭৮৭)।

বাংলাদেশে টানা দ্বিতীয় বারের মতো প্রথম স্থান অর্জন প্রসঙ্গে আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস বলেন, ‘এ স্বীকৃতি আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের দীর্ঘদিনের সম্মিলিত প্রচেষ্টার ফল। টেকসই ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ার অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে যাব।’ উল্লেখ্য, ১৯৯১ সালে যাত্রা করা আইইউবিএটি বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইবিএর সাবেক পরিচালক শিক্ষাবিদ ড. এম আলিমউল্যা মিয়ান এর প্রতিষ্ঠাতা। পরিবেশ উন্নয়নের অঙ্গীকার থেকে তিনি ২০০৮ সালে আইইউবিএটিকে ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে ঘোষণা করেন। সেই ধারাবাহিকতায় সবুজায়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই ক্যাম্পাস গড়ার চর্চা আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেল।

আরও